প্রতিরক্ষা বিভাগের ৮৫৮একর জমি অবৈধ দখলে
প্রতিরক্ষা বিভাগের অধীন প্রায় ৮৫৮ একর জমি বর্তমানে অবৈধ দখলে রয়েছে। বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২০ তম বৈঠকে এ কথা জানানো হয়েছে।
কমিটির সভাপতি লে: জেনারেল (অব:) মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বেদখলকৃত জমি পূনরুদ্ধারের অগ্রগতির ওপর একটি প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অবৈধ দখলকৃত জমির মধ্যে সেন্ট্রাল সার্কেলে ১৩৩ একর, নর্দান সার্কেলে ৬০১ একর এবং ইস্টার্ন সার্কেলে ১২৩ একর জমি রয়েছে। বেদখলকৃত জমির মধ্যে ঢাকা ক্যান্টনমেন্টের জমিও রয়েছে। ঢাকা সেনানিবাস সংলগ্ন প্রায় ১২দশমিক ৫৭ একর জমি বর্তমানে বেদখলে আছে।
এছাড়া বিজয় সরণীতে এক দশমিক ৩৭ একর, পুরাতন বিমান বন্দর এলাকায় ৫ দশমিক ৪৩ একর, মিরপুরে ৪ একর জমি রয়েছে। ঢাকার নাখালপাড়া, সুপার মার্কেটের পশ্চিমে, রজনীগন্ধা চেক পোস্ট, মানিকদি, মানিকদি হতে মুসলিম মর্ডান পর্যন্ত বেদখলকৃত জমি আছে।
এয়ার ফিল্ডের বেদখলকৃত জমির মধ্যে আছে লালমনিরহাট এয়ার ফিল্ডে ৫৯৮ একর, ওসমানী এয়ার ফিল্ডে ৬ দশমিক ৮২ একর, কুমিল্লা এয়ার ফিল্ডে দশমিক ০৩ একর, ফেনী এয়ার ফিল্ডে ৩৬ একর, পতেঙ্গা পুরাতন এয়ার ফিল্ডে ২৬ একর, কক্সবাজার এয়ার ফিল্ডে ১০ দশমিক ৪১ একর, চিড়িংগা এয়ার ফিল্ডে ১০ একর, হাটহাজারী এয়ার ফিল্ডে ২০ একর।
প্রতিরক্ষা বিভাগের বেদখলকৃত জমির মধ্যে আরও রয়েছে ধামালকোট এলাকায় ১০০দশমিক ২৬ একর, নারায়নগঞ্জ চাষাড়া রাইফেল রেঞ্জে ২০ দশমিক ৫৬ একর, চট্টগ্রাম সেনানিবাস সংলগ্ন ৪ দশমিক ২০ একর, নৌ বাহিনী হালিশহর এলাকায় ৭ দশমিক ০৭ একর, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ২ দশমিক ৪৫ একর, দিনাজপুর ক্যাম্পিং গ্রাউন্ডে (ডিসি কর্তৃক ব্যবহ্রত) ২ দশমিক ৯৯ একর এবং সিলেট রেলওয়ে সাইডিং এলাকায় শূণ্য দশমিক ৫৫একর।
সভায় উপস্থাপিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রতিরক্ষা বিভাগের মোট জমির পরিমান ৪৩ হাজার ৭ শত ৬৬ একর। এর মধ্যে সোনবাহিনীর ৩৩ হাজার ৩ শত ১৫ একর, নৌ বাহিনীর এক হাজার ৭ শত ৪৬ একর ও বিমান বাহিনীর ৬ হাজার ৭ শত ২২ একর জমি। প্রতিবেদন অনুযায়ী, প্রতিরক্ষা বিভাগের জন্য ২১ হাজার ৭ শত ৭৯ একর জমি অধিগ্রহনের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সোনবাহিনীর জন্যে ২০ হাজার ৮ শত ৭৪ একর, নৌ বাহিনীর জন্যে ৪ শত ৬৪ একর চার শত ৩৯ একর।
সভায় উপস্থাপিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত তিন বছরে মামলা খারিজ এবং উচ্ছেদের মাধ্যমে ৫৩ দশমিক ২১ একর জমি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩২ দশমিক ৯৩ একর এবং চট্ট্রগামে ২০ দশমিক ২৮ একর উদ্ধার করা হয়।
সভায় বেদখলকৃত জমি উদ্ধারের ব্যাপারে গুরুত্ব আরোপ করে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্যে প্রতিরক্ষা মন্ত্রনালয়সহ সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়। এছাড়া বৈঠকে সামরিক ভূমি, সেনানিবাস পরিদপ্তর ও এর আওতাধীন ক্যান্টনমেন্ট বোর্ডের কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
সভায় স্বাধীনতা যুদ্ধের মিত্র বাহিনীর প্রধান ও ভারতের ইস্টার্ন কমান্ডের জিওসি লে: জেনারেল জগজিৎ সিং আরোরা ও কঙ্গোতে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নুর মোহাম্মদ’র মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য পানি সম্পদ মন্ত্রী হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেজর (অব:) কামরুল ইসলাম, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আনোয়ারুল কবীর তালুকদার, শওকত আলী এবং এএসএইচকে সাদেক।
বৈঠকে সেনাবাহিনী প্রধান লে. জেনারেল হাসান মশহুদ চৌধুরী, নৌ বাহিনী প্রধান রিয়ার এডমিরাল হাসান আলী খান, প্রতিরক্ষা সচিব মেসবাহ উদ্দিন আহম্মদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
