২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের কাছে খাদ্য ব্যবসায়ীদের দুর্নীতিপরায়ন ভ্যাট কর্মকর্তাদের হাত থেকে মুক্তির দাবি

জাতীয় রাজস্ব বোর্ড ও এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) কর্মকর্তাদের হয়রানির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য খাদ্য ব্যবসায়ীরা বৃস্পতিবার সরকারের কাছে আহ্বান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 07:04 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

এছাড়াও তারা খাদ্যদ্রব্যের ওপর যৌক্তিক ভ্যাট আরোপের আহ্বান জানায়। অন্যথায় তারা দাবি আদায়ে আন্দোলনে নামার হমকি দিয়েছে।

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ খাদ্য ব্যবসায়ী পরিষদের আহ্বায়ক খন্দকার রুহুল আমীন বলেন, খাদ্য দ্রব্যের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করা না হলে অথবা ভ্যাটের মাত্রা সহনীয় পর্যায়ে নামানো না হলে আমরা ৭২ ঘন্টা হরতালসহ ধাপে ধাপে বিভিন্ন শান্তপূর্ণ আন্দোলনের ঘোষণা করা হবে।

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি,ব্রেড-বিস্কুট এবং কনফেকশনারী মালিক সমিতি, মিষ্টি দোকান মালিক সমিতি, চাইনিজ রেস্টুরেন্ট মালিক সমিতি এবং ফাস্টফুড উদ্যোক্তা সমিতির সম্মিলিত জোট বাংলাদেশ খাদ্য ব্যবসায়ী পরিষদ।

খাদ্য ব্যবসায়ীরা বলেন, সৌখিন দ্রব্য বিশেষ করে স্বর্ণের ওপর সরকার ১.৫ শতাংশ হারে ভ্যাট আদায় করলেও খাদ্য দ্রব্যের মতো প্রয়োজনীয় জিনিসের ওপর আদায় করছে ১৫ শতাংশ ভ্যাট।

তারা অভিযোগ করেন, মোট বিক্রির ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট প্রদান করায় খাদ্য ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। পাশাপাশি ভ্যাটের কারণে গ্রাহকদেরকেও অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হচ্ছে।

সরকার দুর্নীতিপরায়ন ভ্যাট কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে আন্দোলনের অংশ হিসেবে খাদ্য ব্যবসায়ীরা ঢাকার প্রায় চার হাজার এবং দেশব্যাপী ২১ হাজার খাদ্য সরবরাহ প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।

উল্লেখ্য বর্তমানে দেশব্যাপী এই পরিষদের সদস্য সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে শুধুমাত্র রেস্তোরাঁর সংখ্যাই ২৫ হাজারের বেশি। ঢাকায় এর সংখ্যা চার হাজার। প্রতি রেস্তোরাঁয় ৩০ জন করে কাজ করে বলে নেতৃবৃন্দ জানান। নেতৃবৃন্দ বলেন, কমপক্ষে এক কোটি লোক এ ব্যবসায়ের সাথে সরাসরি জড়িত।

সম্মেলনে অন্যান্যের মধ্যে কামরুদ্দিন আহমেদ, জালাল উদ্দিন আহমেদ, শাকিল চৌধুরী, স্বপন কুমার ঘোষ এবং আব্দুর রহমান বক্তব্য রাখেন।