২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদী উপনির্বাচনে সাবেক এমপি’র স্ত্রী ছাড়া বিএনপি’র ৪ বিদ্রোহী প্রার্থীর নাম প্রত্যাহার

নরসিংদী-১ আসনের উপনির্বাচন থেকে ক্ষমতাসীন বিএনপি’র ৪ বিদ্রোহী প্রার্থী নিজেদের নাম প্রত্যাহার করে নিলেও বিএনপির সাবেক সংসদ সদস্য শামসুদ্দীন এছাক’র স্ত্রী রোকেয়া আহমেদ লাকি শেষ পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 05:55 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মিঞা মোহাম্মদ সেলিম, জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি মেজবাহ উদ্দিন ইরান, যুগ্ম সম্পাদক বিজি রশিদ নওশের, শহর বিএনপি’র সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন বৃহস্পতিবার জেলার বিএনপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তাদের প্রার্থীতা প্রত্যাহারের কথা জানান।

অন্যদিকে সাবেক এমপি শামসুদ্দিন এছাক’র স্ত্রী রোকেয়া আহমেদ লাকি শেষ পর্যন্ত নির্বাচনে লড়াই করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সাংবাদিক সম্মেলনে মিঞা মোহাম্মদ সেলিম বলেন, দলের প্রতি আনুগত্য, জিয়াউর রহমানের প্রতি বিশ্বাস, খালেদা জিয়ার প্রতি আস্থা ও মান্নান ভূঁইয়ার নেতৃত্ব ও দলের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা আমাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। তিনি বলেন, বেলা ১২টায় সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আইয়ুব আলীর কাছে মনোনয়ন প্রত্যাহারের আবেদন দাখিল করেছি।

জেলা বিএনপি সদস্য অপর বিদ্রোহী প্রার্থী রোকেয়া আহমেদ লাকির মনোনয়ন প্রত্যাহারের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, এ ব্যাপারে তিনিই সিদ্ধান্ত নেবেন। সাংবাদিক সম্মেলনে বিএনপি’র জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে রোকেয়া আহমেদ লাকি জানান, আমার স্বামীর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্যই দলীয় চাপ উপেক্ষা করেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। তিনি নির্বাাচনে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

এদিকে চারদলীয় জোট প্রার্থী খায়রুল কবির খোকনের সমর্থনে জেলা টাউন হলে নির্বাচনী এলাকার ১১টি ইউনিয়নের ও ২টি পৌরসভার নেতা কর্মীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।