২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমস্যাপূর্ণ ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ

প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, সমস্যাপূর্ণ ব্যাংকগুলোর বিরুদ্ধে শিগগিরই কঠোর ব্যাবস্থা না নিলে দেশের ব্যাংকিং খাতের অর্থনৈতিক শৃঙ্খলা বিপর্যস্ত হয়ে পড়বে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2005, 09:59 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) সম্মেলন কক্ষে বুধবার নুরুল মতিন স্মারক বক্তব্যে বাংলাদেশের ব্যাংকিং নীতি শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপেদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে কেন্দ্রীয় ব্যাংকের পরিবীক্ষণের কারণে বেসরকারি ব্যাংকিং খাত পরিস্থিতির উন্নতি হলেও কেন্দ্রীয় ব্যাংকের উচিত এ ব্যাপারে আরও কঠোর হয়ে কাজ করা।

অনুষ্ঠানে বাংলাদেশের ক্ষুদ্র ঋণের পথিকৃৎ ড. মুহম্মদ ইউনুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনায় আরও অংশ নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ ও সাবেক গভর্নর ফখরুদ্দিন আহমেদ।

ওয়াহিদ উদ্দিন মাহমুদ আরও বলেন, স্থানীয় প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রে শ্রেণীভুক্ত ঋণের হার সার্বিক ঋণের ক্ষেত্রে ১০ বছর আগের তুলনায় ৪৫ শতাংশ এবং এখন থেকে পাঁচ বছর আগের তুলনায় ৩০ শতাংশ কমে ১০ শতাংশে এসে দাঁড়িয়েছে।

অধ্যাপক মাহমুদ সমস্যাপূর্ণ ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনটি উপায় নির্দেশ করেছেন।

যে ব্যাংক বেশি সমস্যার সৃষ্টি করছে সে ব্যাংকগুলোকে বন্ধ করে দেওয়ার পরামর্শ দেন তিনি। জাতীয় বাণিজ্যিক ব্যাংকের দক্ষতা ও দুর্নীতির ব্যাপারে তিনি বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় বাণিজ্যিক ব্যাংকগুলোতে অদক্ষতা ও দুর্নীতি কাজের পরিবেশকে নষ্ট করছে।

তিনি বলেন, ভাল এবং খারাপ পারফরমেন্সের জন্য পুরষ্কার ও জরিমানার ব্যবস্থা নেই বললেই চলে। কেন্দ্রীয় কার্যালয়ের সাথে শাখা এবং আঞ্চলিক কার্যালয়গুলোর অবিরাম কাগজ চালাচালি এবং ঋণের ঝুঁকি নির্ধারণ, বিতরণ ও আদায় কার্যক্রম আলাদা না রাখার কারণে জবাবদিহিতা বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়াও এনসিবিতে নতুন গ্রাজুয়েট নিয়োগদানের চেয়ে ৭০ ভাগ কর্মকর্তাকে কেরানি পদ থেকে প্রমোশন দেয়া হয়েছে।

অধ্যাপক মুহম্মদ ইউনুস বলেন, ব্যাংকিং খাতে নৈতিক ব্যালান্স শিট প্রস্তত করা অত্যাবশ্যক কেননা ব্যাংকগুলো জনগণের টাকা ব্যবসায় খাটাচ্ছে।

নৈতিক ব্যালান্স শিট এর সাথে তিনটি বিষয়ের সম্পৃক্ততার কথা উল্লেখ করেন তিনি। সেগুলো হলো নারী পুরুষ সমতা, মধ্যস্ততাকারী পদ্ধতি এবং সুবিধাভোগীদের সংখ্যা।

বাংলাদেশ ব্যাংকের গবর্নর ড. সালেহউদ্দিন আহমেদ জানান, ব্যাংকিং খাতে আদর্শ এবং মূল্যবোধ পরিবর্তনের জন্যে কোনও বিদেশী পরামর্শদাতা নিয়োগের প্রয়োজন নেই।

তিনি বলেন, মূল্যবোধ ও নীতি স্থানীয়ভাবে বা পরিবেশ থেকে সৃষ্টি হয়। সুতরাং এর জন্যে বিদেশী পরামর্শদাতা নিয়োগের কোনও প্রয়োজন নেই।

কর্পোরেট সরকারের ওপর গুরুত্বারোপ করে ড. ফখরুদ্দিন বলেন, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা সক্রিয় করতে শিগগিরই পদক্ষেপ নেয়া প্রয়োজন।

দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা এবং বেসরকারি ব্যাংকের পরিচালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ারও পরামর্শ দেন তিনি।