২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট সহায়তা হিসেবে বিশ্বব্যাংক ও আইএমএফ পাঁচশ মিলিয়ন ডলার দেবে

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক অর্থ তহবিল বাজেট ও ব্যালেন্স অব পেমেন্টে ভারসাম্য আনতে আগামী জুলাইয়ের মধ্যে পাঁচশ মিলিয়ন মার্কিন ডলারের অর্থসহায়তা দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2005, 08:21 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বুধবার তার কার্যালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের দারিদ্র দূরীকরণ এবং অংশীদারিত্ব ব্যবস্থাপনা খাতের পরিচালক সাদিক আহমেদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান।

সাদিক আহমেদও সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, তারা তাদের মূল্যায়ন প্রতিবেদন বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে জমা দেবেন এবং তারা পরে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন।

তবে এজন্য বাংলাদেশের বিদ্যুৎ ও ব্যাংকিং খাতের উন্নয়ন ঘটাতে হবে এবং ব্যাপকভাবে ছড়িয়ে পড়া দুর্নীতি নিয়ন্ত্রণ করতে হবে বলে জানান তিনি।

দেশে বিরাজমান দুর্নীতি সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, বিশ্বের প্রায় সব দেশেই দুর্নীতি রয়েছে।

তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন একটি নতুন প্রতিষ্ঠান, এটির প্রসব বেদনাই এখনও শেষ হয় নাই। তিনি বলেন, একটি কাঠামো দাঁড়িয়ে গেলে পরে সবকিছু ঠিক হয়ে যাবে।

সাদিক আহমেদ জানান, পাঁচশ মিলিয়ন ডলারের মধ্যে দুশ মিলিয়ন উন্নয়ন সহায়তা হিসেবে এবং শিক্ষাখাতে একশ’ ৫০ মিলিয়ন প্রদান করা হবে এবং বাকি একশ’ ৫০ মিলিয়ন দারিদ্র দূরীকরণ খাতে প্রদান করবে আইএমএফ।

তিনি বলেন, শুনেছি আইএমএফ এ তহবিল জুনের মধ্যে হস্তান্তর করবে। তিনি আরও বলেন, বাংলাদেশ এ বরাদ্দ জুলাইয়ের মধ্যে আশা করলেও প্রথমে আমরা আমাদের মূল্যায়ন পেশ করব। সেটির ভিত্তিতে বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদ তাদের সম্মতি প্রদান করবে।

সাদিক আহমেদ জানান, দারিদ্র দূরীকরণে এবং মানবাধিকার খাতে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তিনি বলেন, বাংলাদেশের ৫০ শতাংশ লোক এখনও দারিদ্র পীড়িত। এক্ষেত্রে সাফল্য লাভে বাংলাদেশের মনোযোগী হওয়া উচিত।

বাংলাদেশ কৃষি নির্ভরতা কমিয়ে এবং পেশা ও শিল্পখাতে নির্ভরতা বাড়িয়েছে। সাদিক আহমেদ দেশের জন্য এটিকে উন্নয়ন প্রবণতা হিসেবে চিহ্নিত করেন।

এসব সাফল্য সত্ত্বেও বাংলাদেশের বিদ্যুৎ, ব্যাংকিং এবং রাজস্ব খাতের উন্নয়ন ঘটাতে হবে। জাতীয় বাণিজ্যিক ব্যাংকের (এনসিবি) সংস্কারের গতিকে তিনি মন্থর হিসেবে চিহ্নিত করেন। তবে তিনি এক্ষেত্রে সম্ভবনা রয়েছে বলেও জানান।

সাদিক আহমেদ জানান, দেশের শক্তি ও রাজস্ব খাত থেকে আয় সন্তোষজনক নয়।

দুর্নীতি দমন কমিশন বিষয়ে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক কাঠামো জোরদার করার মাধ্যমে দুর্নীতি দমন কমিশনকে কার্যকর করা উচিত। তিনি আরও বলেন, এ সমস্যা সমাধানে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া প্রয়োজন।