নরসিংদী উপনির্বাচনে বিএনপি: দলীয় মহাসচিবের নির্দেশ অমান্য করে বিদ্রোহী প্রার্থীরা এখনও অনড়
বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার নির্দেশ অমান্য করে পাঁচ বিদ্রোহী প্রার্থীর অনড় অবস্থানের কারণে শহরে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে। জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিএনপির পার্লামেন্টারি বোর্ড জিএম খয়রুল কবির খোকনকে নরসিংদী ১ আসনে মনোনায়ন দেয়ায় দলের পাঁচ বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা বুধবার বিকেলে শহরে ঝাড়ু মিছিল করার সিদ্ধান্ত নিলে স্থানীয় প্রশাসন বিদ্রোহী প্রার্থীদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাস্তা ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মহিলা ও আমর্ড পুলিশ মোতায়েন করে।
২৮ মে বিএনপির পাঁচ বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ সেলিম, মেজবাহ উদ্দিন ইরান, বিজি রশিদ নওশের, হারুন অর রশিদ, রোকেয়া আক্তার লাকী এবং খয়রুল কবির খোকন স্ব স্ব মনোনায়নপত্র দাখিল করেন। ২৯ মে মান্নান ভঁইয়া তাদের প্রার্থীতা প্রত্যাহার করার নির্দেশ দেন। তারা মহাসচিবের কাছে দুদিন সময় নেন, কিন্তু সে সময় অতিবাহিত হলেও তারা প্রার্থীতা প্রত্যাহার করেননি।
দলীয় একটি সূত্র জানায়, রোকেয়া আহমেদ লাকী সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন এবং অপর চার বিদ্রোহী প্রার্থী দু-তিন দিনের মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করে লাকীকে সমর্থন জানাবেন।
