২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বরখাস্তের সুপারিশ

দুর্নীতির অভিযোগে জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলিকে সরকারি চাকরি থেকে বরখাস্তের সুপারিশ করেছে সংসদীয় উপ-কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

এলজিআরডি মন্ত্রনালয়ে সংসদীয় স্থায়ী কমিটি কর্তৃক গঠিত উপ-কমিটি তাদের তদন্তে প্রকৌশলি ফরিদউদ্দিন আহমেদের বিরুদ্ধে পানি সরবরাহের একটি প্রকল্প থেকে ভুয়া ভাউচার দেখিয়ে ১৩ দশমিক ২৫ কোটি টাকা আত্মসাতের প্রমান পেয়েছে।

এছাড়া তদন্তে প্রধান প্রকৌশলির বিরুদ্ধে নলকুপ স্থাপন না করার প্রমান পাওয়ার পর মন্ত্রণালয়ের নিষেধ সত্ত্বেও একটি প্রতিষ্ঠানকে অর্থ বরাদ্দ দেয়ারও অভিযোগ প্রমানিত হয়েছে।

পানি সরবরাহ প্রকল্পটি ২০০৩ সালের মে মাসে সমাপ্ত হয় এবং প্রকল্পে দুর্নীতির ঘটনা তদন্তে সে বছর ডিসেম্বরে সংসদীয় উপ কমিটি গঠিত হয়। কমিটি ২০০৪ সালের এপ্রিলে তাদের প্রতিবেদন দাখিল করে। এই তদন্ত প্রতিবেদন বুধবার স্থায়ী কমিটির বৈঠকে আনুষ্ঠানিকভাবে গৃহিত হয়। কমিটির পরবর্তী বৈঠকে প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত আলোচনার পর প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এলজিআরডি স্থায়ী কমিটির চেয়ারম্যান আব্দুল মান্নান তালুকদারের সভাপতিত্বে এই বৈঠকে কমিটির সদস্য স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী আব্দুল মান্নান ভুঁইয়া, প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া, সংসদ সদস্য রওশন এরশাদ, আব্দুুস শহীদ, শহিদুজ্জামান ও আবুল খায়ের ভুঁইয়া উপস্থিত ছিলেন।

বৈঠক সুত্র জানায়, সাবেক প্রধান প্রকৌশলির বিরুদ্ধে ছয়টি অভিযোগও তদন্ত করেছে এ উপ কমিটি।

কমিটির নেতৃত্বে রয়েছেন শহিদুজ্জামান। কমিটির অন্য সদস্যরা হলেন রওশন এরশাদ, সরোয়ার জামাল নিজাম এবং আবুল খায়ের ভুঁইয়া।