চাঁপাই নবাবগঞ্জে রেকর্ড তাপমাত্রা, মেহেরপুরে দাবদাহে পোল্ট্রি ব্যবসায় ধ্বস
চাঁপাই নবাবগঞ্জে এ বছর গরমের তীব্রতা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। মেহেরপুরে প্রচন্ড দাবদাহে পোল্ট্রি ব্যবসায় ধ্বস নেমেছে। গত ৫ দিনে প্রচণ্ড গরমে তিন হাজার মুরগী মারা গেছে।
বিডিনিউজের চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, জেলায় প্রচণ্ড দাবদাহে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। স্থানীয় আম গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনোয়ার হাবিব জানান, বুধবার বেলা ১টায় জেলায় সর্বোচ্চ ৪৪ দশমিক ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
যা গত বছরের সর্বোচ্চ তাপমাত্রার চেয়ে এক দশমিক ৬০ ডিগ্রী বেশি। গত বছর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া প্রচণ্ড দাবদাহে জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ডায়রিয়া ও এ্যাজমা রোগীর সংখ্যা ক্রমশ: বাড়ছে। গত তিনদিনে ডায়রিয়ায় দু’জনের মৃত্যু হয়েছে।
বিডিনিউজের মেহেরপুর প্রতিনিধি জানান, তীব্র গরমে জেলার পোল্ট্রি ব্যবসায় ধ্বস নেমেছে। গত ৫ দিনে বিভিন্ন পোল্ট্রি ফার্মের প্রায় তিন হাজার মুরগী মারা গেছে।
প্রচণ্ড গরম থেকে মুরগী বাঁচাতে ফার্ম মালিকরা ফার্মে বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করলেও লোডশেডিংয়ের কারণে মুরগীর মৃত্যু রোধ করা যাচ্ছে না।
