বাংলাদেশ থেকে ইলিশ আমদানির অনুমতি পেতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ আমদানিকারকরা
বাংলাদেশ থেকে ইলিশ মাছ আমদানি করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে সেখানকার বেসরকারি আমদানিকারকরা।
‘স্যানিটারি ইমপোর্ট পারমিট’ সংক্রান্ত ভারত সরকারের নির্দেশনামা প্রত্যাহারের জন্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং দেশের প্রতিরক্ষামন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের সাহায্য চেয়েছে ‘হিলশা ফিস ইমপোটার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গল’। বুধবার কলকাতায় অ্যাসোসিয়েশনের এক সংবাদ সম্মেলনে এ আহবান জানানো হয়।
যদি ভারত সরকার স্যানিটারি ইমপোর্ট পারমিট সংক্রান্ত নির্দেশনামা প্রত্যাহার না করে, তাহলে শুধু ইলিশ মাছই নয়, সব ধরনের মাছ আমদানি বন্ধের হুমকি দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গে আমদানিকৃত মাছের ৮০ শতাংশই বাংলাদেশ থেকে আমদানি করা হয়। হিলশা ফিস ইমপোটার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গল’র সম্পাদক আলহাজ্ব সৈয়দ আনোয়ার মকসুদ সংবাদ সম্মেলনে জানান, প্রতি বছর বাংলাদেশ থেকে স্থল ও বিমানপথে পাঁচ হাজার মেট্রিক টন ইলিশ আমদানি করা হয়।
