২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

পাবনা জেলার আতাইকুলা থানার কুচিয়ামারা গ্রামে সশস্ত্র সন্ত্রাসীরা মঙ্গলবার রাতে এক যুবলীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2005, 07:18 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

পুলিশ জানায়, রাত দেড়টার দিকে ১৫/১৬ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী আতাইকুলা থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম বাবুকে (২৯) ঘুম থেকে তুলে প্রথমে ধারালো অস্ত্র দিযে উপর্যুপরি আঘাত করে। পরে সন্ত্রাসীরা কয়েক রাউণ্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করে।

পাবনার পুলিশ সুপার এম খুরশিদ হোসেন বিডিনিউজকে বলেন, নিহত সিরাজুল ইসলাম বাবু নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের ক্যাডার ছিল। কিছুদিন আগে সে স্বাভাবিক জীবনে ফিরে আসে। তিনি আরও জানান, দলত্যাগের কারণে চরমপন্থী ক্যাডাররা তাকে হত্যা করেছে।

ময়না তদন্ত শেষে বুধবার দুপুরে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে আতাইকুলা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এদিকে পাবনা জেলা আওয়ামী লীগ সভাপতি শামসুর রহমান শরীফ ডিলু এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক টুকু এবং জেলা যুবলীগের সভাপতি শরীফ উদ্দিন প্রধান ও সাধারণ সম্পাদক রাকিব হাসান টিপু পৃথক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।