২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিডিএম কর্মসূচির আওতায় বাংলাদেশ বছরে ২,০০০ কোটি টাকা সহায়তা পেতে পারে

ক্লিন ডেভলপমেন্ট ম্যাকানিজম (সিডিএম) কর্মসূচির আওতায় উন্নত দেশগুলো থেকে বাংলাদেশ বছরে ২,০০০ কোটি টাকা পর্যন্ত সহায়তা পেতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2005, 06:39 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

এই অর্থ ব্যয়ে আবহাওয়া পরিবর্তন রোধের লক্ষ্যে দেশে নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানির সুদক্ষ ব্যবহারে ব্যাপক ভিত্তিক প্রকল্প বাস্তবায়ন সম্ভব।

বুধবার এলজিইডি ভবনে আয়োজিত ‘নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা এবং গ্রিন হাউস গ্যাস’ শীর্ষক দু’ দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্বোধনী অধিবেশনে বক্তারা এ অভিমত প্রকাশ করেন। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর সহায়তায় বাংলাদেশ সেন্টার ফর এডভান্সড স্টাডিজ (বিসিএএস) কর্মশালার আয়োজন করে।

এতে বলা হয়, কিয়োটো প্রটোকলে স্বাক্ষরদাতা দেশ হিসেবে বাংলাদেশ সিডিএম থেকে ইতোমধ্যে বিভিন্ন তহবিলের সুবিধা পাচ্ছে। তবে এর পরিমাণ অনেক বাড়ানো সম্ভব।

বক্তারা বলেন, সিডিএম প্রকল্প অনুমোদনের জন্য পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে যে ইউনিট দরকার ছিল তাও বাংলাদেশে আছে। এই ক্ষেত্রে উন্নয়নশীল অনেক দেশের চেয়ে আমরা এগিয়ে উল্লেখ্য করে বিশেষজ্ঞরা বলেন, এখন প্রাইভেট এবং পাবলিক সেক্টরের মধ্যে এই খাতে সমন্বয় এবং উদ্যোক্তাদের সচেতন করে তোলা সম্ভব হলে বাংলাদেশ সিডিএম থেকে কাংখিত সাফল্য পেতে শুরু করবে।

প্রধান অতিথি বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, দেশের অনেক অপ্রয়োজনীয় বিষয় নিয়ে আন্দোলন হচ্ছে। কিন্তু ভালো কাজ করতে সরকারের উপর চাপ সৃষ্টি জন্য কোনো আন্দোলন নেই। তিনি এই কর্মসূচির সফলতার জন্য ব্যবসায়ি, এনজিও কর্মী, শিক্ষক, ছাত্র এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে একটি আন্দোলনের সূচনা করার আহ্বান জানান।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিএএস এর ফেলো ড. এম ইউসুফ। তিনি সিডিএম প্রকল্পের জন্য সৌর, বায়ু ও বায়োমাসসহ ১৭টি সেক্টর চিহ্নিত করেন।

এ বিষয়ের উপর আলোকপাত করেন এডিবি বাংলাদেশ মিশনের হ্যান্স কার্লসন এবং বিসিএএস এর নির্বাহী পরিচালক ড. এ আতিক রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন বিসিএএস এর ফেলো ড. এম আই শরিফ।