২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিঅ্যান্ডটি মোবাইল ও বেসরকারি অপারেটরদের মধ্যে দ্বন্দ্ব চরমে: আন্তঃসংযোগ সুদুর পরাহত

টিঅ্যান্ডটি মোবাইল টেলিটক এবং অন্যান্য মোবাইল কোম্পানির মধ্যে বেশ কয়েকবার বৈঠক হওয়ার পরও রাজস্ব ও আন্তঃসযোগসহ বেশকিছু বিষয় অমীমাংসিত থেকে যাওয়ায় গ্রাহকদের সুবিধাপ্রপ্তি আরও বিলম্বিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2005, 06:23 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, দু’পক্ষের মধ্যে এসব বিষয় নিয়ে কমপক্ষে পাঁচদফা বৈঠক হলেও কোনও ফল হয়নি এবং স্থগিত অবস্থার জন্য দু’পক্ষই পরস্পরকে দায়ী করছে।

বেসরকারি মোবাইল কোম্পানি গ্রামীণ ফোন, একটেল, সিটিসেল এবং বাংলালিংক দাবি করে, বিটিটিবির বিরুদ্ধে বেশ কয়েকটি আপত্তি রয়েছে, টেলিটকের অগ্রগতি যদি বন্ধ হয়ে যায় তবে তার দায় টেলিটককেই নিতে হবে।

বিটিটিবির মোবাইল ফোন প্রকল্পের পরিচালক এবং টেলিটকের নির্বাহী পরিচালক এম ওবায়দুল্লাহ বুধবার বিডিনিউজকে জানান, টেলিটকের বর্তমান গ্রাহকের সংখ্যা ২২ হাজার এবং আরও ৫০ হাজার গ্রাহকের সংযোগ প্রক্রিয়াধীন রয়েছে। এটির ভবিষ্যৎ খারাপ হতে পারে না।

এছাড়া, যদি কোনও কারণে খারাপ পরিস্থিতির সৃষ্টি হয় তবে ¯েম্পানি আইন অনুযায়ী দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে বলেও তিনি জানান।

তবে বেসরকারি কোম্পানিগুলোর এ ব্যাপারে দ্বিমত রয়েছে।

তিনি বলেন, তারা যদি সরকারের ওপর ভরসা না রাখতে পারে তবে আমরা কীভাবে তাদের ওপর ভরসা রাখি?

বিটিটিবি এবং টেলিটকের মধ্যে চুক্তি স্বাক্ষর প্রক্রিয়া সম্পর্কে বেসরকারি কোম্পানিগুলো জানতে চেয়েছে বলে জানান তিনি।

টেলিটকের এক কর্মকর্তা জানান, চুক্তির ব্যাপারটি গোপনীয়, টেলিটক ও বিটিটিবির মধ্যকার গোপন চুক্তির বিষয়টি বেসরকারি কোম্পানিগুলোর জানতে চাওয়া উচিত নয়।

বেসরকারি কোম্পানিগুলোর সাথে রাজস্ব এবং আন্তঃসংযোগের বিষয়টি অমীমাংসিত থেকে গেছে বলে তিনি জানান, তাদের দুটি দাবিই ‘অযৌক্তিক’ এবং তাদের এই খেপাটে মনোভাবও সরকারের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশ টেলিকম অপরেটরস অ্যাসোসিয়েশনের (এটিওবি) প্রধান সমন্বয়কারী এবং গ্রামীণ ফোনের কর্পোরেট অ্যাফেয়ার্সের পরিচালক খালেদ হাসান বিডিনিউজকে জানান, বিষয়টি যেহেতু আইনি ফয়সালার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে, তাই আমরা আমাদের আইনজীবীদের পরমর্শ অনুযায়ী কাজ করছি। পরবর্তী উদ্বোগ সম্পর্কে আমাদের আইনজীবীরা এখনও কিছু জানাননি।

তিনি বলেন, সবগুলো মোবাইল কোম্পানির মধ্যে আন্তঃসংযোগের বিষয়টি যেহেতু একই ধরনের হবে, তাই টেলিটকের সাথেও আন্তঃসংযোগ স্থাপিত হওয়া উচিত।

সিটিসেলের অপারেটর প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) ইন্তেখাব মাহমুদ প্রশ্ন করেন, টেলিটক কীভাবে টিঅ্যান্ডটি ল্যান্ডফোনের ক্ষেত্রে ফ্রি ইনকামিং সুবিধা দেয়, যেখানে আমরা তা দিতে পারছি না?

তিনি আরও বলেন, আমাদের গ্রাহকদেরও আমরা একই রকম সুবিধা দিতে চাই, আমাদের বাজারকে স্থিতিশীল রাখতে চুক্তি একই রকম এবং প্রকাশ্য হওয়া উচিত।

এর আগে সিটিসেল বিনামূল্যে বিটিটিবি’র ট্রান্সমিশন এবং পোর্ট সুবিধা দাবি করে।

সুবিধার দিক থেকে টেলিটক এবং অন্যান্য মোবাইল কোম্পানির মধ্যে আন্তঃসংযোগ অপরিহার্য এবং সকল মোবাইল গ্রাহকদের সমান অধিকার থাকা প্রয়োজন। টেলিটক এবং বেসরকারি মোবাইল কোম্পানি উভয়েই স্বীকার করেছেন যে, গ্রাহকদের তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত রাখা ঠিক নয়।