নদী ভাঙ্গনের কবল থেকে কুড়িগ্রামবাসী আদৌ মুক্তি পাবে কি?
প্রতি বছরের নদী ভাঙ্গনই হচ্ছে জেলার নিত্য আকালের অন্যতম কারণ। অব্যাহত নদী ভাঙ্গন ক্রমেই গ্রাস করে নিচ্ছে জায়গা-জমি, ভিটেমাটি, সহায়-সম্বল জীবন-জীবিকা সবকিছু। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমোর, ফুলকুমোর, সংকোশ, গঙ্গাধর, নীলকমল, শিয়ালদহ, কালজানী, সোনাভরি, ধরনী, হলহলিয়া, জিঞ্জিরাম ও জালছিরা নদী গত ৩৩ বছরে গ্রাস করেছে জেলার ৪‘শ ২০ বর্গ কিলোমিটার এলাকা।
৯৩টি গ্রাম মানচিত্র থেকে একেবারেই হারিয়ে গেছে। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে প্রায় ৭০ হাজার পরিবারের সাড়ে তিন লাখ মানুষ। জেলায় চর ও দ্বীপ-চরের সংখ্যা ৪০৫টি। এর মধ্যে ১২৫টির মতো দ্বীপ-চরে জনবসতি আছে। এসব চরে প্রায় এক লাখ মানুষের বাস। প্রায় আড়াই লাখ মানুষ রাস্তার ধারের বাঁধে বাস করে। এরা সবাই নদী ভাঙ্গনে নিঃস্ব হয়ে এখন দিনমজুর। এদের দুর্ভোগ চরমে। এরা থাকে ঝুপড়ি ঘরে।
স্বাস্থ্য সম্মত শৌচাগার বলতে এদের কিছু নেই। বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। নদীর পানিই সম্বল। নিয়মিত ডাল-ভাত খাওয়া এদের কাছে স্বপ্ন। লবণ ও একমুঠো ভাত দিনে একবারও জোটে না অধিকাংশের। কর্মসংস্থানের অভাব হতশ্রী করে রেখেছে এদের জীবনকে। তাই বাধ্য হয়ে পুরুষরা মৌসুম অনুযায়ী জেলার বাইরে যায় কাজের সন্ধানে। পর্যায়ক্রমে এভাবে তারা বাড়ীর বাইরে থাকে ছয় মাস। বাকি ছয় মাস সেই সময়ের উপার্জনের জমানো টাকা দিয়ে সংসার চালায়। টান পড়লেই অর্ধাহার-অনাহার। এখন সেই অবস্থাই চলছে জেলার সর্বত্র।
বন্যায় এরা ভাসে, খরায় পোড়ে এবং শীতে ঠক ঠক করে কাঁপে। জীবনের সাথে সংগ্রাম করে এরা বেঁচে আছে। এটাই তাদের জীবন, তাদের নিয়তি।
কুড়িগ্রাম জেলায় নদী ভাঙ্গনের তীব্রতা ও ব্যাপকতায় নিঃস্ব মানুষের সংখ্যা বেড়েই চলেছে।
কিন্তু ভাঙ্গন রোধে নেই কোনও জোড়ালো কার্যক্রম। পানি উন্নয়ন বোর্ড বাঁধ মেরামত করেই খালাস, তারপর তাদের আর কোনও মাথাব্যথা নেই।
এইসব নদী-ভাঙ্গা মানুষের দুর্দশা লাঘবে কোনও কার্যকর ব্যবস্থা অদ্যাবধি গ্রহণ করা হয়নি। এসব নিঃস্ব মানুষদের খাস জমি দেওয়ার কথা বলা হলেও বাস্তবে তা কেউ পায়নি।
গত ৩৩ বছরে এনজিও ও সরকারী উদ্যোগে মাত্র এক হাজার ৭৮টি নদী ভাঙ্গা পরিবারকে আশ্রায়ন প্রকল্পে পুনর্বাসিত করা হয়েছে। এছাড়াও একটি এনজিও ৩ হাজার পরিবারকে দেড় বান্ডিল করে ঢেউটিন দিয়েছে।
এসব নিঃস্ব মানুষেরা মাঝে মাঝে বাসস্থান বদল করতে বাধ্য হয়। একারণে কোনও ব্যাংক অথবা সংস্থা তাদেরকে ঋণও দেয় না। ফলে এরা বিকল্প কোনও আয়বর্ধক কাজে সম্পৃক্ত হতে পারে না। ফলশ্রুতিতে অতি সামান্য আয়ের মাধ্যমেই তাদের জীবন অতিবাহিত করতে হচ্ছে।
এ কষ্ট থেকে মুক্তি দেওয়ার আপাতত কোনও কার্যক্রম সরকারের আছে বলে মনে হয় না। এজন্যই ‘মঙ্গা‘ নামের যে ‘বিশেষণ’টি কুড়িগ্রাম নামের সাথে যুক্ত হয়েছে, তা কখনও ঘুচবে বলে মনে হয় না।
