গাইবান্ধায় ৮ বছর পর জেলা আওয়ামী লীগের কাউন্সিল
জেলা আওয়ামী লীগের দলীয় কোন্দলের কারণে দীর্ঘ ৮ বছর ধরে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়নি। তবে আগামী জুলাই মাসের মধ্যে কাউন্সিল অধিবেশন শেষ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সোমবার গাইবান্ধার ৭ উপজেলার মধ্যে পৌরসভাসহ ৪ উপজেলার আওয়ামী লীগ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ও কাউন্সিল তালিকা যাচাই-বাছাই করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সূত্র জানায়, আওয়ামী লীগের বিভিন্ন উপজেলার নেতা-কর্মীরা পূর্ণাঙ্গ কমিটি ও কাউন্সিল তালিকা প্রণয়নে আওয়ামী লীগের ত্যাগী এবং নির্যাতিত নেতাকর্মীদের অন্তর্ভূক্ত করা হয়নি বলে অভিযোগ করেন। এক পর্যায়ে নেতাকর্মীদের তুমুল বাকবিতন্ডার মধ্যে দিয়েই গাইবান্ধা পৌরসভাসহ ৪ উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি ও কাউন্সিলারদের নাম ঘোষণা করা হয়।
অপরদিকে, নেতাকর্মীদের মধ্যে প্রচন্ড উত্তেজনা এবং বিরোধীতার কারণে সাঘাটা ও ফুলছড়ি উপজেলার পূর্ণাঙ্গ কমিটি ও কাউন্সিলারদের নাম অনুমোদন করা সম্ভব হয়নি।
এদিকে, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কমিটির কাউন্সিল অধিবেশন ৯ জুন নির্ধারণ করা হয়েছে। অপরদিকে, পূর্ণাঙ্গ কমিটি ও কাউন্সিল তালিকা প্রণয়ন থেকে অনেক ত্যাগী নেতাকর্মীরা বাদ পড়ায় তাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সুলতান আলী মন্ডল বিডিনিউজকে জানান, দু’সপ্তাহের মধ্যে বাকি উপজেলা সম্মেলন শেষ করেই জুলাইয়ের প্রথম সপ্তাহে জেলা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনের সিদ্ধান্ত নিবেন।
