২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে র‌্যাবের সঙ্গে জনতার সংঘর্ষে ১৫ জন আহত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘেরবাজার এলাকায় রোববার সকালে জনতার সঙ্গে র‌্যাব সদস্যদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত তিনজন র‌্যাব সদস্যকে সিএমএইচ-এ পাঠানো হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 05:35 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

জয়দেবপুর থানার সেকেন্ড অফিসার বদরুল আলম তালুকদার ঘটনার সতত্যা স্বীকার করে বিডিনিউজকে জানান, এ নিয়ে এখনও কোনও পক্ষই থানায় মামলা করেনি তবে র‌্যাব মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে।

জয়দেবপুর থানার ডিউটি অফিসার এসআই আলমগীর জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দুপুর নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ৯টার দিকে র‌্যাব সদর দপ্তরের ১৩ জন সদস্য সাদা পোশাকে বিআরটিসির একটি ট্রেনিং বাসে (ঢাকা জ ৬৪৫) গাজীপুরের নলজানি থেকে বাঘেরবাজার পৌঁছে। তখন ওই বাস স্টপেজ এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সংস্কার কাজের কারণে রাস্তায় দীর্ঘ যানজট লেগেছিল। বিআরটিসির ট্রেনিং বাসটি যানজট এড়িয়ে বাস স্টপেজ অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে সৌখিন পরিবহনের একটি যাত্রীবাহি বাস সামনে এসে পড়ে। ফলে আবারও সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

এ নিয়ে দুই বাসের চালকসহ যাত্রীরা পরস্পরকে দোষারোপ করে তীব্র বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সৌখিন পরিবহনের যাত্রীদের সঙ্গে স্থানীয় জনতাও যোগ দেয়। উত্তেজিত জনতা এক পর্যায়ে লোহার রড, লাঠি সোটা নিয়ে র‌্যাব সদস্যদের বহনকারী বিআরটিসি বাসে হামলা চালায়।

ক্ষিপ্ত জনতা হামলা করে বাসটি ভাঙচুর করে। একই সঙ্গে প্রহৃত হয় র‌্যাবের বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তা এবং সদস্যরা। এ সময় র‌্যাবের সদস্যরা পাল্টা প্রতিরোধ করতে গেলে পুরো এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে । এতে দুপক্ষের অন্তত ১৫ জন আহত হয়।

সংঘর্ষের খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তরার র‌্যাব-১ এর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বাঘেরবাজার এলাকার পরিস্থিতি ছিল থমথমে। স্থানীয় জনতার মধ্যে বিরাজ করছে ধরপাকড়ের আতঙ্ক।