২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক সম্মেলনের নতুন ঘোষণা মন্থর হয়ে আসা আঞ্চলিক সম্পর্কে নতুন প্রেরণার সঞ্চার করবে : মোরশেদ খান

পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বলেছেন, দীর্ঘ প্রতিক্ষিত ১৩তম সার্ক সম্মেলনের তারিখ ঘোষণা মন্থর হয়ে আসা আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে নতুন প্রেরণার সঞ্চার করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

মন্ত্রী রোববার দ্বিতীয় দক্ষিণাঞ্চলীয় শীর্ষ সম্মেলনের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে যাত্রাকালে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।

তিনি বলেন, দুই বার এই সম্মেলনের তারিখ পরিবর্তন করার ফলে আঞ্চলিক সম্পর্ক প্রক্রিয়া অনেকাংশে মন্থর হয়ে পড়েছে। তিনি আশা করেন সাফটাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো চুক্তি হয়েছে সেগুলোকে মুখ্য হিসেবে উপস্থাপন করা হবে।

বর্তমান সার্কের চেয়ারম্যান দেশ পাকিস্তান শনিবার ১৩তম সার্ক সম্মেলনের তারিখ ঘোষণা করে। নতুন তারিখ অনুসারে আগামী ১২-১৩ নভেম্বর ঢাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরাই এই আঞ্চলিক সহযোগিতা চালু করেছি এবং এর ফলে এই সব অঞ্চলের সাধারণ মানুষের প্রত্যাশা পুরণ হয়েছে।

তিনি বলেন প্রাক-সম্মেলন বৈঠক হিসেবে আগামী ৯ নভেস্বর সিনিয়র অফিসিয়ালস মিটিং (এসওএম) অনুষ্ঠিত হবে এবং সার্কের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর। সাতটি দেশের পররাষ্ট্র মন্ত্রীদের প্রতিনিধিত্বে গঠিত কাউন্সিল অব মিনিস্টারস এর বৈঠক অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর।

ঢাকায় অনুষ্ঠিতব্য সার্ক সম্মেলনের প্রথম তারিখ ধার্য করা হয়েছিল জানুয়ারিতে কিন্তু সুনামির কারণে তা পিছিয়ে দেয়া হয়। পরে ফেব্রুয়ারিতে তা ধার্য করা হলেও নেপালের ্উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি ও ঢাকায় ভারতের নিরাপত্তার প্রশ্নের কারণে সেটাও স্থগিত করা হয়।

ঢাকায় অনুষ্ঠিতব্য সার্ক সম্মেলনে দক্ষিণ এশীয় মুক্ত বানিজ্য চুক্তি বা সাফটা নিয়ে পর্যালোচনা করা হবে বলে আশা করা হচ্ছে।