২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য শান্তি চুক্তির কোথাও নারীদের কথা উল্লেখ নেই: আলোচনা সভায় বক্তারা

পার্বত্য শান্তি চুক্তি হল সরকার ও জনসংহতি সমিতির মধ্যে একটা সমঝোতা। এই চুক্তির মধ্যে কোথাও পার্বত্য নারীদের কথা উল্লেখ নেই বলে ‘সামরিকায়িত অঞ্চলে নারীর নিরাপত্তা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 08:54 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে রোববার এ আলোচনা সভার আয়োজন করে হিল উইমেন্স ফেডারেশন।

পার্বত্য চট্টগ্রামে নিজ বাড়ি থেকে কল্পনা চাকমা অপহরণের নয় বছর পূর্তি উপলক্ষ্যে এ আলোচনার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি সোনালী চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক আমিনা মহসিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক আনু মুহাম্মদ, ইউপিডিএফ’র কেন্দ্রীয় নেতা রবি শঙ্কর শর্মা প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কণিকা দেওয়ান।

আমেনা মহসিন বলেন, কল্পনা চাকমা অপহরণের নয় বছর পার হয়ে গেলেও এখনও তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশিত হয়নি। কোনও সরকারই এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেনা। এর অর্থ দোষীদের সাহায্য করা।

তিনি আরও বলেন, রাষ্ট্রের আইনগুলো শুধুমাত্র পুরুষদের জন্যে প্রযোজ্য। এগুলোকে নারীদের উপযোগী করে গড়ে তোলা দরকার।

আনু মুহাম্মদ বলেন, কল্পনা চাকমার অপহরণ বিরোধী আন্দোলনটি যেহেতু পরে শক্তিশালী হয়নি তাই তদন্ত কমিটির রিপোর্টও প্রকাশিত হয়নি। তিনি বলেন, শান্তি চুক্তি হয়েছে ঠিকই কিন্তু কল্পনা চাকমা অপহরণ, ধর্ষণ, খুন ও হত্যার ব্যাপারে কিছুই করা হয়নি। পার্বত্যাঞ্চল থেকে সেনাক্যাম্প তুলে নেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি।

তিনি আরো বলেন, শান্তি চুক্তিকে কেন্দ্র করে পার্বত্যবাসীদের মধ্যে এক ধরনের সুযোগ সন্ধানী শ্রেণীর সৃষ্টি হয়েছে। তারা পার্বত্য এলাকার শান্তি বিঘ্নিত করছে।

আবার এর ফলে ওই অঞ্চলের প্রতি আন্তর্জাতিক পুঁজির একটা বিশাল আগ্রহ দেখা দিচ্ছে।