২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় জলদস্যুদের বন্দুক যুদ্ধে ৩ জন গুলিবিদ্ধসহ আহত ১৮

ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে গণ-ডাকাতির পর রোববার রাতে তজুমদ্দিন ও মনপুরা উপজেলার সীমান্তবর্তী মেঘনার মৌলভীরচর ও চর তাজাম্মুল এলাকায় পরস্পর বিরোধী জলদস্যু বাহিনীর মধ্যে কয়েক দফা বন্দুক যুদ্ধে ৩ জন জলদস্যু গুলিবিদ্ধ হয়েছে। অন্যান্যভাবে আহত হয়েছে আরও অন্তত ১৫ জলদস্যু।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2005, 06:24 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

স্থানীয় সূত্র জানায়, তজুমদ্দিন উপজেলার মেঘনা অংশে গণ-ডাকাতির পরের দিন রোববার রাত ১০টার দিকে মনপুরা উপজেলার কাছাকাছি চর তাজাম্মুল ও মৌলভীর চর সংলগ্ন এলাকায় চারটি মাছ ধরা ট্রলারের ওপর জলদস্যু বাচ্চু বাহিনী হামলা চালিয়ে ট্রলার চারটি অপহরণ করে নিয়ে যায়।

এ সময় অপর তিন জলদস্যু বাহিনী সাকা, বশার ও মজিদ বাহিনী অপহৃত ট্রলার চারটিতে ভাগ বসানোর জন্যে হামলা চালায়। তাদের মধ্যে রাতব্যাপী দফায় দফায় বন্দুক যুদ্ধ হয়। এতে বাচ্চু বাহিনীর শফিউল্লাহ (৪০), বাবুল (২৫) ও মিলন (২৭) গুলিবিদ্ধ হয়ে নদীতে ঝাঁপ দেয়। বন্দুক যুদ্ধে আরও ১৫ জন জলদস্যু আহত হয়।

এ ঘটনায় আতংকগ্রস্ত হাজার হাজার জেলে নদীতে মাছ ধরতে যাচ্ছে না। এ ব্যাপারে পুলিশ ও কোস্টগার্ড কোনও কার্যকর ভূমিকা না নেওয়ায় জেলেরা হতাশ হয়ে পড়েছে বলে স্থানীয় জেলেরা জানায়।