২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পৃথক ঘটনায় ৫ খুন

রাজধানীর কেরাণীগঞ্জ, লালবাগ, মিরপুর এবং মোহাম্মদপুর থানা এলাকায় সোমবার পৃথক পৃথক ঘটনায় পাঁচজন খুন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2005, 06:59 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

কেরাণীগঞ্জের রামেরকান্দা এলাকায় মোটরসাইকেল চুরির অভিযোগে অজ্ঞাত ব্যক্তিরা দুই যুবককে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় রাসেল ওরফে বাবু (৩৫) এবং মোহাম্মদ ইউনুসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বাবু মারা যায়।

ইউনুসের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্র জানায়।

নিহতের পরিবার মোটরসাইকেল চুরির অভিযোগ অস্বীকার করে বলেছে, দুস্কৃতকারীরা পূর্বপরিকল্পিত উপায়ে বাবুকে হত্যার পর ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে।

নিহত বাবুর পিতার নাম আবদুর রহিম। তাদের বাড়ি কেরাণীগঞ্জের মুগার চরে।

নিহতের মামা আবদুল খালেক অভিযোগ করেন যে, তার (বাবু) শ্বশুরবাড়ির লোকজনের সাথে বিরোধের কারণে তারা এই নৃশংস হত্যাকান্ড সংঘটিত করে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে।

তিনি বলেন, বাবু কিছুদিন আগে কেরাণীগঞ্জে বিয়ে করে। বিয়ের পর শ্বশুর বাড়ির লোকজনের সাথে তার বিরোধ হয়।

তিনি দাবি করেন, তার ভাগ্নে একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলো এবং ঢাকা মেডিকেল কলেজের সামনে তার একটি বিরিয়ানি বিক্রির দোকান ছিলো।

অপর এক ঘটনায়, সন্ত্রাসীদের গুলিতে লালবাগের শহীদনগরে এক অজ্ঞাত পরিচয় যুবক সোমবার দুপুরে খুন হয়েছে। হত্যাকান্ডের কারণ জানা যায় নাই।

ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায় নাই।

এদিকে মিরপুরে অজ্ঞাত সন্ত্রাসীরা শ্বাসরোধ করে হত্যা করেছে মোহাম্মদ শহীদ (১৮) নামের এক যুবককে। পুলিশ হরিরামপুর বেড়িবাঁধ এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

মোহাম্মদপুরে অজ্ঞাত সন্ত্রাসীরা শ্বাসরোধ করে হত্যা করেছে আবদুল বাসেদ (১৫) নামের এক কিশোরকে। হত্যাকান্ডের কারণ জানা যায় নাই। পুলিশ এফ/এ/১৩ নম্বরের বাসা সংলগ্ন জায়গা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

এদিকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন গণপিটুনিতে আহত মোহাম্মদ আলম (২০) সোমবার দুপুরে মারা যায়। গত ৪ জুন লালবাগে ছিনতাইকালে উত্তেজিত জনতা তাকে মারধোর করে।

নিহত আলমের পিতার নাম ওয়াহেদুজ্জামান। সে লালবাগের ৩২, আরএনডি রোডের বাসিন্দা ছিলো।

হত্যাকান্ডের ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।