গাজীপুরে র্যাবের সাথে সংঘর্ষের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা
গাজীপুর বাঘেরবাজারে রোববার র্যাবের সাথে জনতার সংঘর্ষের ঘটনায় ১২ জনকে আসামী করে সোমবার জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিআরটিসির কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটের অপারেটর ইন্সপেক্টর নজরুল ইসলাম এই মামলা দায়ের করেন।
এদিকে সংঘর্ষের পর থেকে বাঘেরবাজার ও এর আশপাশের লোকজনের মধ্যে চরম র্যাব আতংক বিরাজ করছে। মামলার আসামীরা র্যাবের ক্রসফায়ারের শিকার হতে পারে জেলাজুড়ে এমন গুজব ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, রোববার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘেরবাজারে র্যাব সদস্যদের বহনকারী বিআরটিসির একটি গাড়ীর চালকের সাথে ওভারটেকিং নিয়ে অপর একটি যাত্রীবাহী বাসের চালকের বচসা ও হাতাহাতি হয়। এসময় র্যাব সদস্যরা যাত্রীবাহী বাস চালককে মারধর করলে তাকে রক্ষার জন্য এলাকার কয়েক যুবক এগিয়ে আসে। পরে র্যাব ও জনতার মধ্যে ছড়িয়ে পড়া সংঘর্ষে ১৫ জন আহত হয়।
