কাতারে জি-৭৭ মন্ত্রী পর্যায়ের বৈঠক: স্বল্পোন্নত দেশগুলোকে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার প্রদানে মোরশেদ খানের দাবি
জি-৭৭ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার কাতারের শেরাটন দোহা হোটেলে এক বৈঠকে মিলিত হন। কাতারের পররাষ্টমন্ত্রী শেখ হামাদ বিন জসিম বিন জাবার আল থানি সকালে বৈঠকের উদ্বোধন করেন।
উদ্বোধনী ভাষণে কাতারের পররাষ্ট্রমন্ত্রী উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বৃহত্তর সংহতি এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার জন্য একটি কার্যকর কৌশলের আহ্বান জানান। তিনি বলেন, বিশ্ব বাণিজ্যে দক্ষিণের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
পররাষ্টমন্ত্রণালয় সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান এমপি’র নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।
মোরশেদ খান বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়ন চ্যালেঞ্জ বাণিজ্য ও অনুদান এই দুটি বৃহৎ ক্ষেত্রের ওপর নির্ভরশীল।
তিনি বলেন, কয়েক দশক ধরে আমরা সহায়ক আন্তর্জাতিক বাণিজ্য পরিবেশের কথা বলে আসছি। অর্থাৎ পর্যাপ্ত ও মানসম্পন্ন অনুদান, ন্যায্য বাণিজ্য ও প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে সৃষ্ট বাণিজ্য সহায়ক পরিবেশ।
২০১০ সালের মধ্যে উন্নয়ন সহায়তা দ্বিগুন করতে ইউরোপীয় ইউনিয়নের দেয়া গত ২৪ মে’র ঘোষণাকে স্বাগত জানিয়ে মোরশেদ খান নরওয়ে, সুইডেন, নেদারল্যাণ্ড, লুক্সেমবার্গ এবং ডেনমার্কের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আশা প্রকাশ করেন অবশিষ্ট উন্নয়ন সহায়তা কমিটির সদস্যরা তাদের সাড়ে তিন দশকের পুরনো অঙ্গীকার পূরণের প্রচেষ্টা জোরদার করবে।
তিনি ২০০৫ সালের প্যারিস বৈঠকের সুপারিশ অনুযায়ী জরুরি ভিত্তিতে উন্নয়ন সহায়তার মান, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বিশ্বায়নের সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে চারটি সুপারিশ পেশ করেন। এগুলো হচ্ছে উন্নত ও অগ্রবর্তী উন্নয়নশীল দেশগুলোতে স্বল্পোন্নত দেশগুলোর উৎপাদিত পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার, পণ্য আমদানির ক্ষেত্রে নন ট্যারিফ ব্যারিয়ার হ্রাস, ক্ষণস্থায়ী ও স্বল্পদক্ষ সেবাদানকারি দেশে এলডিসির বাজার বিস্তৃতকরণ এবং প্রযুক্তি হস্তান্তর।
পরাষ্টমন্ত্রী বাণিজ্য অগ্রাধিকার, বিনিয়োগ, উন্নত সেবা বিনিময় প্রযুক্তি ব্যবহারের কৌশল ইত্যাদি ক্ষেত্রে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা আরা জোরদার করার আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে দক্ষিণাঞ্চলীয় সম্মেলনের জন্য-দোহা ঘোষণা ও দোহা কর্ম-পরিকল্পনার জন্য দুটি নথি চূড়ান্ত করা হয়।
