গাইবান্ধায় ব্যবসায়ীরা লবন বিক্রি বন্ধ রাখায় সাধারণ মানুষের দুর্ভোগ
গাইবান্ধায় ব্যবসায়ীরা লবন বিক্রি বন্ধ রাখায় জেলার সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে।
ছয় লাখ টাকার আয়োডিনবিহীন লবন আটকের ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা রোববার থেকে লবন বিক্রি বন্ধরাখাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।
সোমবার ব্যবসায়ীরা ধর্মঘট পালন করে। শহরের সকল গালামাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল বন্ধ। খুরচা লবন কোথাও পাওয়া যায়নি। সাধারণ মানুষ লবন কিনতে এসে দুর্ভোগে পড়ে।
১১ জুন জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমান আদালত শহরের ডিবি রোডের ব্যবসায়ী মোশারফ আলীর গুদাম থেকে ছয় লাখ টাকার নয় শত বস্তা আয়োডিনবিহীন লবন উদ্ধার করে। এর প্রতিবাদে জেলা দোকান মালিক সমিতি রোববার স্থানীয় শহীদ মিনারে এক প্রতিবাদ সভা করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে।
আন্দোলনকারীদের সংগঠন জেলা দোকান মালিক সমিতি সোমবার শহরে জেলার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়, সভা এবং মিছিল করে। সমিতির উদ্যোগে স্থানীয় পাবলিক লাইব্রেরী হলে অনুষ্ঠিত মতনিবিময় সভায় সিদ্ধান্ত হয়, ব্যবসায়ীদের ওপর হয়রানি বন্ধ, আটককৃত লবনের ক্ষতিপুরণ এবং ম্যাজিস্ট্রেটের অপসারণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। সভায় আরও সিদ্ধান্ত হয়, মঙ্গলবার জেলার সকল ব্যবসা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন করা হবে।
জেলা দোকান মালিক সমিতির সভাপতি মাকছুদুর রহমান শাহান জানান, তাদের দাবি মেনে নেওয়ার শর্তে জেলা প্রশাসনের সঙ্গে তারা আলোচনায় বসতে রাজি।
