২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মানব বন্ধন

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ আগামী বুধবার দুপুরে সুপ্রীম কোর্টের সামনে মানব বন্ধনের আয়োজন করবে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2005, 09:46 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

সুপ্রীমকোর্ট সুত্র জানায়, সোমবার সুপ্রীমকোর্ট বার এসোসিয়েশনের তিন নং হলে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এর এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

সমন্বয় পরিষদ এর আহবায়ক ব্যারিস্টার এম আমিরুল ইসলাম জানান, তারা সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা, সংবিধান রক্ষা এবং বিচারক ও বিচার বিভাগের ভাবমূর্তি ও গুরুত্ব বৃদ্ধির লক্ষে এই আন্দোলন করছেন এবং তাদের দাবি পুরন না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন।

তিনি বিডিনিউজকে জানান, এই কর্মসুচি আইনজীবীদের মিছিলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে হাইকোর্টে যে আদেশ দিয়েছে তা লঙ্ঘন করবে না।

গত ২৩ মে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন ও বার কাউন্সিলসহ আইনজীবী এবং তাদের সংগঠনকে আদালত চত্বরে মিছিল সমাবেশ বা বয়কটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এসসিবিএ সুত্র জানায় বার এসোসিয়েশন হাইকোর্টের আদেশের যথার্থতা নিয়ে আইনী লড়াই চালিয়ে যাবে।

বৈঠকে অন্যান্যের মধ্যে এসসিবিএ’র সাবেক সভাপতি এডভোকেট আব্দুল বাসেত মজুমদার এবং এডভোকেট ওজাইর ফারুক, সম্পাদক এডভোকেট এনায়েতুর রহিম, এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এবং এডভোকেট সুব্রত চৌধুরী উপস্থিত ছিলেন।