২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীর ডিমলায় দুর্নীতির অভিযোগে কৃষি ব্যাংক ঘেরাও

অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে হাজার হাজার মানুষ সোমবার নীলফামারীর ডিমলা উপজেলার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শাখা ঘেরাও করে। এ ব্যাপারে ডিমলা গণকমিটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2005, 11:25 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সমাজ সেবা বিভাগ, পল্লী উন্নয়ন বোর্ড ও যুব উন্নয়ন অধিদপ্তরের বিরুদ্ধে ঋণ বিতরণে বিভিন্ন অনিয়মের কথা উত্থাপন করে সমাবেশে বক্তব্য রাখেন গণকমিটির আহ্বায়ক নুর মো. খান, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ও আবুল কাশেম সরকার।

সমাবেশে বক্তারা বলেন, ওই সব বিভাগ থেকে যারা ঋণ নিতে আসে তাদের কাছ থেকে মোটা অংকের ঘুষ আদায় করা হয়। ঘুষ না দিলে মাসের পর মাস ধর্না দিয়েও ঋণ পাওয়া যায় না। ওই সব প্রতিষ্ঠান দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।

সমাবেশ শেষে ডিমলা গণকমিটি মিছিল নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি দেয়।