২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় এক বছরে ৬৩ ক্রসফায়ার, নির্বাহী তদন্তে সবগুলোই যুক্তিযুক্ত বলে প্রমাণিত

কুষ্টিয়া র‌্যাব ও পুলিশের ক্রসফায়ারে ৬৩ টি প্রাণহানির ঘটনার প্রায় সবগুলোর বিচার বিভাগীয় ও নির্বাহী তদন্ত ইতোমধ্যে শেষ হয়েছে। দু ধরনের তদন্তেই প্রতিটি মৃত্যুর ঘটনা যুক্তিযুক্ত বলে প্রমাণিত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2005, 01:44 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

জেলা ও পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কোনও ফায়ারিং ‘নন জাস্টিফাইড’ হলে তা আইনবহির্ভূত হত্যাকাণ্ড বলে প্রমাণিত হত। তদন্তে গুলি ছোঁড়া ‘জাস্টিফাইড’ বা যুক্তিযুক্ত বলে প্রমাণিত হওয়ায় ক্রসফায়ারে প্রাণহানির ঘটনায় মামলা করা যাবে না। কেউ মামলা করলেও তা আইনগত বৈধতা পাবে না।

সম্প্রতি কুষ্টিয়ায় পুলিশের একটি ক্রসফায়ারে মৃত্যুর ঘটনায় আদালতে মামলা করা হলে সংশ্লিষ্ট মহলে ব্যাপক তোলপাড় শুরু হয়। নির্বাহী তদন্তে কুষ্টিয়ার সর্বাধিক ৬৩ টি ক্রসফায়ারের অধিকাংশ ঘটনা পুলিশ রেগুলেশন অব বেঙ্গল (পিআরবি) অনুযায়ী আইনগত বৈধতা পাওয়ায় আদালতে এ মামলা আর টিকবে না।

কুষ্টিয়ার জেলা প্রশাসক জামাল এ নাসের চৌধুরী বলেন, দু মাস আগে ত্রসফায়ারে ঘটনায় শুরু হওয়া নির্বাহী তদন্ত এর মধ্যে শেষ হয়েছে। বাকিগুলো শেষের পথে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পিআরবি অনুযায়ী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ সদর দপ্ততরের পূর্বানুমতি ছাড়া পুলিশ গুলি ছুড়তে পারবে না। তবে যেসব ক্ষেত্রে পুলিশ পূর্বানুমতি ছাড়া গুলি করবে পিআরবি অনুযায়ী পরবর্তী সময়ে প্রতিটি ঘটনার বিচার বিভাগীয় এবং পুলিশের নিজস্ব বিভাগীয় নির্বাহী তদন্ত করে নিশ্চিত হতে হবে গুলি ছোড়া জাস্টিফাইড ছিল কি-না।

পুলিশ সূত্র জানায়, বিগত এক বছরে কুষ্টিয়া জেলায় র‌্যাব ও পুলিশের গুলিতে যে ৬৩ জন ব্যক্তির মৃত্যু হয়েছে তার অধিকাংশ ঘটনায় পুলিশ বাদি হয়ে বেশির ভাগক্ষেত্রে দণ্ডবিধি ৩০৪ ধারায় ক্রসফায়ারে মৃত্যুকে খুন নয় এমন অপরাধজনক প্রাণহানি বলে গণ্য করে মামলা করা হয়েছে। এসব ক্ষেত্রে বিচার বিভাগীয় তদন্ত আইনগত ভাবে বাধ্যতামূলক হলেও এতদিন তা করা হয়নি। অধিকাংশ মৃত্যুর ঘটনাই সংশ্লিষ্ট থানায় এক প্রকার তদন্তহীন অবস্থায় ধামাচাপা পড়েছিল ।

ক্রসফায়ারে মৃত্যুর ঘটনা নিয়ে দেশে-বিদেশে বিতর্ক অব্যাহত থাকায় বর্তমানে বিচার বিভাগীয় এবং নির্বাহী তদন্ত শুরু করা হয়।