সিরাজগঞ্জে একটি নলকূপ থেকে ৫ দিন ধরে প্রাকৃতিক গ্যাস নির্গত হচ্ছে
সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের কাটেংগা পূর্বপাড়া এলাকার একটি নলকূপ থেকে বিগত পাঁচ দিন ধরে প্রাকৃতিক গ্যাস নির্গত হচ্ছে।
কাওয়াকোলা ইউপি চেয়ারম্যান সোমবার লিখিতভাবে জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসারকে এ ব্যাপারে জানান।
এলাকাবাসী জানায়, পাঁচ দিন ধরে নলকূপ থেকে কোনও প্রকার পানীয় জল উঠছে না। সোমবার এলাকাবাসী কৌতূহলী হয়ে দিয়াশলাই ও গ্যাসলাইট জ্বালিয়ে নলকূপের মুখে ধরে এবং এক পর্যায়ে আগুন জ্বলে ওঠে। তারা পানি ঢেলে বা বালু দিয়ে আগুন নিভিয়ে ফেলে। কাটেংগা এলাকাবাসী উক্ত ঘটনাটি ইউপি চেয়ারম্যানকে অবহিত করে।
ইউপি চেয়ারম্যান টিএম শাহাদাত হোসেন ঠাণ্ডুসহ গ্রামবাসী অনেকেই ঘটনার সত্যতা স্বীকার করেন।
চেয়ারম্যান বলেন, টিউবওয়েলের বাকেটের জন্য বাধাপ্রাপ্ত হওয়ায় একটু একটু গ্যাস নির্গত হচ্ছে এবং গ্যাস নির্গমনের পূর্বে সাদা ফেনাযুক্ত পানি বের হচ্ছে।
জানা যায়, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওই স্থানে পাহারা বসানো হয়েছে। কিন্তু জেলা প্রশাসনকে ঘটনাটি জানানো হলেও ওই স্থান পরিদর্শন বা সঠিক রহস্য উদঘাটনে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
