বাংলাদেশে শিশু গণতন্ত্রের বিকাশে প্রধান বাধা রাজনৈতিক স্থবিরতা: হ্যারি কে টমাস
ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হ্যারি কে টমাস বাংলাদেশের শিশু গণতন্ত্রের বিকাশের পথে রাজনৈতিক স্থবিরতাকে প্রধান বাধা হিসেবে উল্লেখ করেছেন। তবে তিনি আশা প্রকাশ করেন, জাতীয় স্বার্থে প্রধান রাজনৈতিক দলগুলো এক সাথে কাজ করবে।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিকাব’র এক অনুষ্ঠানে ভাষণদানকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যদি রাজনৈতিক দলগুলো এক সাথে কাজ করতে ব্যর্থ হয়, তাহলে দেশের জনগণ বিকল্প খুঁজবে এবং আমি মনে করি না, সেই বিকল্প ভালো কিছু হবে।
বিকল্প বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন, সে ব্যাপারে প্রশ্ন করা হলে হ্যারি বলেন, আমরা জানি, অন্য আরও কিছু রাজনৈতিক দল বাংলাদেশে সক্রিয় রয়েছে এবং তারাও এক সময় দেশের কর্তৃত্ব গ্রহণ করার চেষ্টা করতে পারে। তবে আমার আস্থা আছে, আপনারা এ ধরনের কিছু হতে দেবেন না।
হ্যারি বলেন, আমি আশা করি, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে, রাজনৈতিক স্থবিরতা দেশের জন্যে দুর্ভাগ্যজনক পরিণতি বয়ে আনতে পারে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আগামী মাসে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নির্বাহী সচিব হিসেবে যোগ দিতে যাচ্ছেন।
এক ঘন্টারও বেশি সময়ের বক্তৃতায় হ্যারি দেশের রাজনৈতিক এবং সার্বিক উন্নয়ন পরিস্থিতি নিয়ে মতামত প্রকাশ করেন। এ সময় তিনি আরও বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। প্রশ্নের বিষয়গুলোর মধ্যে ছিল-অবাধ নির্বাচন অনুষ্ঠান, মানবাধিকার, বিচার-বর্হিভুত হত্যা, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, উগ্রপন্থীদের অবস্থান, কিছু বিষয়ে এফবিআই’র তদন্ত, মিলিনিয়াম চ্যালেঞ্জ একাউন্ট (এমসিএ), সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সংসদীয় গণতন্ত্র, সংস্কার কর্মসূচি, ব্যবসায়িক চ্যালেঞ্জ, যুক্তরাষ্ট্রের ভিসা পদ্ধতি এবং বাংলাদেশের সাংবাদিকতা।
এছাড়া তিনি বাংলাদেশে অবস্থানকালে তার সুখকর এবং দুঃখজনক অভিজ্ঞতার কথা স্মরণ করেন। ডিকাব’র সভাপতি শামীম আহমেদ এবং সাধারণ সম্পাদক আনিস আলমগীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
পরবর্তী নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হ্যারি বলেন, তিনি আস্থা রাখেন, আগামী নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হবে। বাংলাদেশে এর আগে তিনটি সুষ্ঠু ও নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে জনগণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, যদি চট্টগ্রামের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হতে পারে, একই ধরনের ফলাফল দেশব্যাপী নির্বাচন থেকে বেরিয়ে আসবে।
বাংলাদেশে ধর্মীয় সহিষ্ণুতা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বাংলাদেশের জনগণের প্রশংসা করেন এবং তাদের সবচেয়ে বেশি সহিষ্ণু ও উদার বলে আখ্যায়িত করেন। বাংলাদেশের জনগণ একে অন্যের প্রতি বেশ শ্রদ্ধাশীল, তিনি বলেন।
তিনি আরও বলেন, এদেশে কিছু ঘটনা ঘটে, যার প্রতিফলন সংখ্যাগরিষ্ঠ জনগণের মধ্যে দেখা যায় না। এ ক্ষেত্রে দেশের সুশীল সমাজসহ সকল শ্রেণীর জনগণকে নিশ্চিত করতে হবে, যাতে সংবিধান অনুযায়ী সকলের অধিকার সংরক্ষণ করা যায়।
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া এবং আহসানউল্যাহ মাস্টার এমপি’র হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে হ্যারি বলেন, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের গণতন্ত্র এখনও শিশু এবং দেশের অধিকাংশ জনগণ গণতন্ত্রের প্রতি অঙ্গীকারাবদ্ধ। তবে তিনি বলেন, আমরা কিবরিয়া ও আহসানউল্যাহ মাস্টার হত্যা, ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশ এবং সিলেটে ব্রিটিশ রাষ্ট্রদূতের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছিলাম। আমার আশা করি, এসব ঘটনার সাথে যারা জড়িত তাদের বিচারের সম্মুখীন করা হবে এবং দেশের আইন অনুযায়ী নিরপেক্ষ বিচারে সকল দোষী ব্যক্তিকে ন্যায্য শাস্তি প্রদান করা হবে।
এক প্রশ্নের জবাবে হ্যারি টমাস বলেন, বিচার-বর্হিভূুত হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা শংকিত। এ ধরনের হত্যাকাণ্ড জেএমজেবি (জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ) কিংবা কোন ও গোষ্ঠী করুক না কেন, তা আইনকে হাতে তুলে নেওয়ার সামিল বলে তিনি মন্তব্য করেন।
দুর্নীতি দমন কমিশন সম্পর্কে তিনি বলেন, তারা কমিশনের চেয়ারম্যানের নিয়োগকে স্বাগত জানিয়েছেন এবং আশা করেন, এতে কমিশন আরও শক্তিশালী হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উন্নয়নশীল দেশগুলোর তহবিল মিলিনিয়াম চ্যালেঞ্জ একাউন্টে বাংলাদেশের ভবিষ্যত প্রসঙ্গে তিনি বলেন, এ জন্যে বাংলাদেশকে দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করতে হবে।
হ্যারি বলেন, বাংলাদেশে গণতন্ত্র পরিণত হতে আরও সময় লাগবে। সরকারি কিংবা বিরোধী দল, যে অবস্থানেই হোক, গণতন্ত্রকে এগিয়ে নিতে দুই প্রধান রাজনৈতিক দলকেই সংসদে অংশগ্রহণ করতে হবে। আমরা সবসময়ই প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ দূর করার কথা বলে আসছি। কিন্তু সবই নির্ভর করছে দলগুলোর নেতৃত্বের ওপর।
ব্যবসার ক্ষেত্রে বন্দরে মালামাল ওঠানামা ব্যবস্থার জটিলতা ও দুর্নীতি, ব্রডব্যান্ড ইন্টারনেট এবং ল্যান্ড লাইন সংক্রান্ত সমস্যাকে তিনি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।
