জ্যৈষ্ঠের শেষ বিকালে বৃষ্টির কাঙ্খিত পরশ
আষাঢ়ের ঠিক একদিন আগে মঙ্গলবার জ্যোষ্ঠের ভ্যাপসা গরমের বুক চিরে অঝোরে বৃষ্টি পড়েছে শেষ বিকালে।
প্রবল বর্ষণের মধ্য দিয়ে আষাঢ়কে স্বাগত জানায় প্রকৃতি। টানা এক মাসের অসহনীয় গরমে অতিষ্ট নগর জীবনে বইয়ে দিয়েছে স্বস্তির বাতাস।
অফিস ফেরতা মানুষ প্রকৃতির অপরুপ বদল দেখে থমকে যায় প্রথমে। বৃষ্টির ঝাপটা থেকে মাথা বাঁচাতে যে যেখানে পেরেছে আশ্রয় নেয়। বাস স্টপেজ, হোটেল, অফিসের গেটে, মার্কেটের সামনে শত শত মানুষ উপভোগ করেছে আষাঢ়ের আগমন।
কেউ আবার বৃষ্টির পরশ মেখে নিতে নেমে যায় কোনো কিছুর তোয়াক্কা না করেই। বৃষ্টির টানে ঝপ করে গরম কমে যায় অনেকটাই।
রাজধানীর অনেক নিচু জায়গায় জমে যায় হাটু পানি। প্রধান প্রধান সড়কে মুহুর্তেই জমে যায় যানবাহনের দীর্ঘ লাইন।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের আবাহনী এবং মোহামেডানের গুরুত্বপূর্ণ খেলা প্রবল বর্ষণের কারণে পরিত্যক্ত হয়।
প্রতিকূল আবহাওয়ায় সদরঘাট লঞ্চ টার্মিনালে নির্দিষ্ট সময় লঞ্চ ছাড়েনি।
আবহাওয়া অফিস জানায়, ঢাকা ছাড়াও সিলেট ও চট্টগ্রাম বিভাগেও ঝড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টি হয়েছে। এছাড়া রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যায় ঝড় বৃষ্টি।
