চাষাড়া ট্র্যাজেডি : তদন্ত নিয়ে চলছে তুঘলকি কান্ড
নারায়নগঞ্জের চাষাড়ায় আওয়ামীলীগ অফিসে বোমা হামলার ঘটনার তদন্ত নিয়ে চলছে তুঘলকি কান্ড।
অভিজ্ঞ মহলের মতে, ২০০১ সালের ১৬ জুন ওই হামলার ঘটনার পর প্রথম থেকেই এ ব্যাপারে মামলা ও তদন্ত চলছে রাজনৈতিক আদলে।
রাজনৈতিক হস্তক্ষেপে বার বার বাধাগ্রস্ত হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থার তদন্তকাজ।
বোমা হামলার পরদিন ১৭ জুন শহর আওয়ামীলীগের তৎকালীন সাধারন সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বাদী হয়ে বিএনপির ২৭ নেতাকে আসামী করে সদর থানায় দু’টি মামলা করলে তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডিকে।
দীর্ঘ ২২ মাস পর সিআইডি চুড়ান্ত প্রতিবেদন দাখিল করে। এ ব্যপারে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি হামলার ঘটনায় তৃতীয় পক্ষ জড়িত বলে উল্লেখ করে সরকারের কাছে প্রতিবেদন পেশ করে।
জোট সরকার ক্ষমতাগ্রহণের পর সাবেক সাংসদ শামীম ওসমান, তার বড় ভাই জাপা নেতা নাসিম ওসমান, মেজো ভাই সেলিম ওসমান, ভাতিজা আজমেরী ওসমানসহ মোট ৫৮ জনকে আসামী করে নারায়নগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
সিআইডি সুত্র জানায়, এক্ষেত্রে ৫৮ জনকে আসামী করে চার্জশীট প্রদানের কাজ এখন শেষ পর্যায়ে।
আওয়ামীলীগের একটি সূত্র জানায়, এ ঘটনায় তাদের নেতাদের জড়ানোর চক্রান্ত চলছে। মামলার বাদী আবুল কালাম বর্তমানে প্রবাসে। তার পরিবার জানায়, এই মামলা পরিচালনায় তারা আগ্রহী নয়।
চার দলীয় ঐক্য জোটের জেলা নেতৃবৃন্দ গত মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই বোমা হামলার জন্য তৎকালীন সংসদ সদস্য শামীম ওসমান ও তার সহযোগীদের দায়ী করেন।
বৃহস্পতিবার চাষাড়া ট্র্যাজেডি দিবসে আওয়ামীলীগ নিহতদের স্মরনে শোক র্যালি, কোরান খানি, মিলাদ মহফিল, দোয়া এবং কাঙ্গালী ভোজের কর্মসূচি নিয়েছে। এছাড়া ফতুল্লা থানা আওয়ামীলীগ এবং নিহতদের পরিবারের পক্ষ থেকেও নেয়া হয়েছে বিভিন্ন কর্মসুচি।
