২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়নগঞ্জের আ’লীগ কার্যালয়ে বোমা হামলার বিচার চার বছরেও হয়নি

নারায়নগঞ্জের আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার বিচার চার বছরেও হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2005, 07:44 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

২০০১ সালের ১৬ জুন জেলার চাষাড়া আওয়ামী লীগ কার্যালয়ে বোমা বিস্ফোরণে হতাহতদের কান্না থামেনি আজো। তাদের সকলের একই প্রশ্ন এ বর্বরোচিত হামলার বিচার কী হবে না?

ওই বর্বরোচিত বোমা হামলার পর আওয়ামী লীগ ও বিএনপি একে অপরকে দোষারোপ করে পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে আসছে। কতিপয় রাজনীতিক নৃশংস ঘটনাটিকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটতে ব্যস্ত রয়েছে বলে অভিযোগ রয়েছে।

বোমা হামলায় নিহতদের শোকাহত আত্মীয় স্বজনরা তাদের প্রিয়জনকে হারনোর ব্যথা যেনো কোনও ভাবেই ভুলতে পারছেন না।

নিহত জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাইদুল হাসান বাপ্পির একমাত্র শিশু কন্যা বিদিশা বাবার ছবি বুকে জড়িয়ে ‘বাবা, বাবা’ বলে কাঁদে।

হালিমার মেয়ে প্রিয়া এখনো খুঁজে ফেরে তার মাকে।

নিহত হানিফ নূরীর মেয়ে হাবিবা তার মাকে বলে, বাবা তোমার সাথে রাগ করে অনেক দূরে চলে গেছে। তাকে একবার ফিরে আসতে বলো না!

বোমা হামলায় নিহত কাজী এনায়েত উল্লাহ স্বপন দেখে যেতে পারেননি সন্তান মেহেরুনের মুখ। স্বপন মারা যাওয়ার চার মাস পর জন্ম হয় মেহেরুনের। মা এবং পরিবারের অন্য সদস্যদের দেখানো ছবির মাধ্যমেই সে বাবার সঙ্গে পরিচিত হয়েছে। শিশু মেহেরুন বঞ্চিত বাবার আদর থেকে।

এমনিভাবে আক্তার, মশু, হানিফ, নিধু স্বপন, শুক্কুর, বাচ্চু, সবুজ, মোক্তার ও পলিসহ বোমা হামলায় নিহতর স্বজনদের শোকের মাতম এখনও থামেনি। ১৬ জুন রাত তাদের জীবনে এক দুর্বিষহ বেদনা বিধুর কালো রাত। যে রাতে তারা তাদের প্রিয়জনদের চিরতরে হারিয়েছে।

ভাগ্যক্রমে ওই বোমা হামলার পর এখননো যারা বেঁচে আছেন, তারাও যেনো মৃতপ্রায়।

জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক চন্দন শীল এবং ছাত্রলীগ কর্মী রতন দাস যেনো তাদেরই প্রতিচ্ছবি। বোমার আঘাতে দুজনেরই পা উড়ে যায়। যতদিন তারা বেঁচে থাকবেন ততদিনই অন্যের গলগ্রহ হয়ে তাদের বেঁচে থাকতে হবে।

চন্দনশীল ছিলেন তৎকালীন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ব্যক্তিগত সচিব। স্ত্রী রমা শীল একটি স্কুলে শিক্ষকতা করতেন। একমাত্র পুত্র সন্তানকে নিয়ে সুখে সাচ্ছন্দেই কেটে যাচ্ছিল তাদের দিনকাল। কিন্তু ২০০১ সালের ১৬ জুন রাতে যেন আকাশ ভেঙ্গে পড়ে রমা শীল ও তার সন্তানের মাথায়। পঙ্গু স্বামীর মতোই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে তার সংসার।

অন্যদিকে ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল রতন দাস। ভাই-বোনের মধ্যে রতন ছিল সবার ছোট। উদ্যোমী, সদালাপী, বন্ধুবৎসল এ যুবককে চিরতরে পঙ্গু করে দেয় ১৬ জুনের হামলা।

তারপরও পরিবারের সান্ত¡না একটাই, পঙ্গু হয়েও ওরা প্রাণে বেঁচে আছে।

বোমা হামলায় নিহত ও আহত সকলের পরিবার ও দলীয় নেতাকর্মীরা এ বর্বরোচিত বোমা হামলার সাতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখে যেতে চান। তারা চান এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিচার করা হোক।