১ জুলাই থেকে যুক্তরাজ্যের ভিসা ফি ও পদ্ধতিতে পরিবর্তন আসছে
বৃটিশ সরকার আগামী ১ জুলাই থেকে ভিসা আবেদন পদ্ধতি পরিবর্তন করছে যাচ্ছে যা আগের তুলনায় আরও সহজতর হবে বলে জানিয়েছেন বৃটিশ হাই কমিশনের ভিসা কর্মকর্তা। প্রাইভি কাউন্সিলের অনুমোদনের পর এ পরিবর্তন আসছে বলে জানান তিনি।
যুক্তরাজ্য থেকে পাঠানো সরকারি এক বিবৃতিতে বলা হয়, বিভিন্ন ক্যাটাগরির ভিসার ফি গড়ে ২১ শতাংশ বৃদ্ধি পাবে। এর মধ্যে কোন কোন ক্যাটেগরিতে ফি বাড়বে, কোনটার কমবে এবং সেটেলমেন্ট ভিসার ক্ষেত্রে ফি অপরিবর্তিত থাকবে।
বুধবার ভিসা অপারেশন ম্যানেজার এবং বৃটিশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি জনাথন ভার্নি নগরীতে সাংবাদিকদের সাথে এক অনানুষ্ঠানিক বৈঠককালে বলেন, বিশ্বজুড়ে ভিসা কার্যক্রম পরিচালনায় মোট যে পরিমান ব্যয় হয় তার সাপেক্ষে এ নতুন ভিসা ফি নির্ধারণ করা হয়েছে। যুক্তরাজ্যের করদাতাদের কাছ থেকে কোন অর্থ এখানে ব্যায় করা হয়না।
এই পরিবর্তিত ফি’র ক্ষেত্রে ফি টেবিলের কাঠামো আরও সহজতর করা হয়েছে এবং এখন মাত্র চারটি ভিন্ন ক্যাটেগরি রয়েছে। যুক্তরাজ্যের ভিসা ফি সবশেষ ২০০২ সালে বৃদ্ধি করা হয়েছিল।
নতুন ভিসা ফি সংক্রান্ত যাবতীয় তথ্য www.ukvisas.gov.uk/news এই ওয়েব সাইটে পাওয়া যাবে।
আলোচনাকালে বৃটিশ হাই কমিশন কর্মকর্তা মিলি সেনগুপ্তা, বৃটিশ কাউন্সিল কর্মকর্তা রিকা রিপা ওয়ালি এবং ডিএফআইডি কর্মকর্তা অ্যালুসিয়াস মিলন খান উপস্থিত ছিলেন।
