যমুনা গ্রুপের মালিক বাবুলের বিরুদ্ধে বিএনপি’র ওয়ার্ড কমিশনারের ষড়যন্ত্রের অভিযোগ
যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগএনেছেন বিএনপি সমর্থিত এক ওয়ার্ড কমিশনার। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বুধবার তিনি এ অভিযোগ করেন।
ঢাকা সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কমিশনার আবদুল কাইয়ূম অভিযোগ করে বলেন, যুগান্তরের মালিক বাবুল সন্ত্রাসী মুকুলের সাথে তাকে জড়িয়ে ভুয়া সংবাদ প্রকাশ করেছেন। উল্লেখ্য, ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় মুকুলের সম্পৃক্ততা ছিল বলে ধারণা করা হচ্ছে।
আবুদল কাইয়ূম বলেন, পত্রিকাটি মুকুলকে আমার ভাতিজা উল্লেখ করে ২১ আগস্টের গ্রেনেড হামলায় আমিও জড়িত বলে সংবাদ প্রকাশ করছে।
বাবুল বাড্ডা এলাকায় অবৈধভাবে জমি দখল করছে বলেও অভিযোগ করেন বাড্ডা থানা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম।
কাইয়ূম বলেন, বাবুল নিরীহ জনগণের জমি দখল করে বহুতল ভবন, মার্কেট ও ফিউচার নির্মাণ করছে। স্থানীয় ওয়ার্ড কমিশনার হিসেবে তিনি বাবুলের এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করেছেন বলে তিনি জানান।
তিনি আরও অভিযোগ করেন, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাবুল বাড্ডা এলাকায় বেশ কয়েকটি ভবন নির্মাণ করেছে।
কাইয়ূম বলেন, আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদ উদ্দেশ্য প্রণোদিত, প্রক্ষপাতদুষ্ট ও ভিত্তিহীন।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১১ নম্বর ওয়ার্ড কমিশনার আব্দুল লতিফ, ১৭ নম্বর ওয়ার্ড কমিশনার কাজী ওয়াজেদ আলী, ৪৯ নম্বর ওয়ার্ড কমিশনার আবুল খায়ের বাবলু, বাড্ডার ইউপি চেয়ারম্যান আলী হোসেন, দক্ষিণখানের ইউপি চেয়ারম্যান কলিমুল্লাহ ও সতরকুল ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম।
