২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরের গ্রামে ডাকাতি করতে গিয়ে ২ এসআইসহ যৌথবাহিনীর ১১ সদস্য আটক

মেহেরপুরের গাংনী উপজেলার একটি গ্রামে ডাকাতি করতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়েছে বিডিআর, পুলিশ, আনসারসহ যৌথবাহিনীর সাদা পোষাকধারী ১১ জন সশস্ত্র সদস্য। মেহেরপুর পুলিশ সুপার ধৃতদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন বিক্ষুদ্ধ গ্রামবাসীদের।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2005, 12:43 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

বুধবার গভীর রাতে রাইপুর ইউনিয়নের বড়বামুন্দী কড়ুইগাছি গ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে মো: ইদ্রিসের বাড়ীতে ডাকাতি করতে গেলে গ্রামবাসীরা টের পেয়ে যায় এবং বল্লম, কাতরা, রামদা, তীর-ধনুক, লাঠি-রড নিয়ে চারিদিক ঘিরে ফেলে। ডাকাতরা বোমা ফাটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত হাজারো জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। ডাকাতরা গুলি করার ভয় দেখালে জনতা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। অবস্থা বেগতিক দেখে তারা গ্রামবাসীর কাছে আত্মসর্মপন করতে বাধ্য হয়।

ডাকাতি করতে গিয়ে আটক সদস্যরা হচ্ছে-হেমায়েতপুর যৌথবাহিনীর এসআই মো: খোরশেদ আলম ও পুলিশ ক্যাম্পের এসআই মো: আলতাফ হোসেন, সিপাই মো: মাহফুজ, মো: হেলাল, মো: হাবিব, মো: ইউনুস, বিজয় কুমার, বিডিআর সিপাই মো: আলবাত, মো: জাহাঙ্গীর, আনসারবাহিনীর মো: রশীদ এবং গ্রাম পুলিশের সুশান্ত।

এলাকাবাসী জানায়, হেমায়েতপুর যৌথবাহিনীর ক্যাম্প ও এলাঙ্গী পুলিশ ক্যাম্পের ১১ জন সদস্য লুঙ্গি, গামছা ও মুখোশ পড়ে মো: ইদ্রিসের বাড়ীতে দরজা ভেঙ্গে অনুপ্রবেশ করে এবং আসবাবপত্র তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করে বাড়ীর জনগণকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। গৃহকর্তা ইদ্রিস সুকৌশলে মোবাইল ফোনে প্রতিবেশীকে বাড়ীতে ডাকাত পড়ার সংবাদটি জানিয়ে দেয়। গ্রামের প্রতিটি মসজিদ থেকে মাইকিং করা হলে চারিদিকে দ্রুত ডাকাতির সংবাদ ছড়িয়ে পড়ে। গ্রামবাসী ইদ্রিছের বাড়ীর দিকে দেশী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সবাই ছুটে আসে এবং ডাকাতদের ঘেরাও করে ফেলে।

ডাকাতবেশী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজেদের পরিচয় দিয়ে আত্মসমর্পন করতে বাধ্য হলে পনের বিশ হাজার বিক্ষুদ্ধ গ্রামবাসী তাদেরকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে তালাবদ্ধ করে রাখে। এলাকাবাসী তাদের চেহারা দেখে সাম্প্রতিককালে গ্রামে যেসব ডাকাতি হয়েছে তার সাথে এরাই জড়িত বলে দাবি করেছে।

গাংনী থানার ওসি সৈয়দ ইকবাল খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এবং আটককৃতরা হেমায়েতপুর পুলিশ ক্যাম্প এবং এলাঙ্গী ক্যাম্পের সদস্য বলে শনাক্ত করেছে। মেহেরপুর পুলিশ সুপার মো: আওলাদ হোসেন বলেন, তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।