বিমান ৫ হাজার কোটি টাকার বৈদেশিক ঋণে ১০টি উড়োজাহাজ কিনছে
বাংলাদেশ বিমান প্রায় সাত হাজার কোটি টাকায় (প্রায় ১,০৫৭ মিলিয়ন মার্কিন ডলার) ১০টি অত্যাধুনিক উড়োজাহাজ কেনার যে পরিকল্পনা নিয়েছে, তার জন্যে প্রায় পাঁচ হাজার কোটি টাকাই জোগাড় হবে ঋণ করে।
বিমান সূত্র মতে, এ বৈদেশিক ঋণের ফলে দেশের একমাত্র জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির লোকসান তথা ঋণের বোঝা অনেক বেড়ে যাবে। এয়ারলাইন্সটিকে বছরের পর বছর এই বোঝা টানতে হবে।
অবশ্য বিমানের নীতিনির্ধারকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, যাত্রী ও কার্গো পরিবহনের সম্ভাবনাময় বাজার ধরে রাখতেই বিমান ওই অত্যাধুনিক ছয়টি এয়ারবাস ৩১০ ও চারটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে এয়ারবাসের ২২১টি এবং বোয়িং এর ৩৩০টি আসন থাকছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন বিডিনিউজকে বলেন, নতুন ওই ১০টি উড়োজাহাজ কেনা হলে এখন বিমানের উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ ও জ্বালানী তেল বাবদ যে পরিমাণ খরচ হচ্ছে, তার অনেকটাই কমে আসবে।
বিমান প্রতিমন্ত্রী বলেন, অবশ্যই নতুন উড়োজাহাজ কেনা হলে বিমান লাভের মুখ দেখবে।
বিমানের পরিকল্পনায় রয়েছে, বিমান নিজেই নতুন উড়োজাহাজ কেনার জন্যে প্রথম পর্যায়ে সংশ্লিষ্ট কোম্পানিকে এককালীন ১,৮২০ কোটি টাকা দেবে। তারা বাকী টাকা ঋণ হিসেবে জোগাড় করবে আমেরিকার এক্সিম ব্যাংক এবং ইউরোপের ক্যাপিট্যাল অথরিটির কাছ থেকে। বোয়িং কেনার জন্যে এক্সিম ব্যাংক ও এয়ারবাসের জন্যে ক্যাপিটাল অথরিটি অর্থের যোগান দেবে বলে জানা যায়।
বিমানের একটি সূত্র দাবি করেছে, দেশের ভেতরেই বিমান সাড়ে তিন হাজার কোটি টাকার ব্যবসা করতে সক্ষম। এ বাজার ধরে রাখতেই ওই ১০টি নতুন উড়োজাহাজ আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
এখন তাদের রয়েছে মাত্র এক হাজার কোটি টাকার বাজার।
সূত্র জানায়, বিশ্বের সবচেয়ে খ্যাতনামা কোম্পানির তৈরি করা উড়োজাহাজগুলোর মধ্যে ফ্রান্সের এয়ারবাস, আমেরিকার বোয়িং, ইংল্যান্ডের এপিটি এবং কানাডার ড্যাশ এইট রয়েছে।
এসব প্রতিষ্ঠানের জরিপে বলা হয়, বাংলাদেশ বিমানের প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার কোটি টাকার ব্যবসা করার সম্ভাবনা রয়েছে। কিন্তু এক হাজার কোটি টাকা বাদে বাকী টাকার ব্যবসা এখন বিদেশী এয়ারলাইন্সগুলোর দখলে।
বিমান সূত্র মতে, বাংলাদেশ বিমানের উড়োজাহাজ বহরে ওই ১০টি নতুন এয়ারবাস এবং বোয়িং সংযুক্ত হলে ফ্লাইট শিডিউল ঠিক রাখার পাশাপাশি যাত্রীদের উন্নত সেবা এবং দ্বিগুন রাজস্ব আয় সম্ভব।
এখন বিমানের উড়োজাহাজ বহরে ছয়টি এয়ারবাস, চারটি ডিসি ১০ এবং চারটি এফ ২৮ রয়েছে। এই ১৪টি উড়োজাহাজ দিয়ে তারা বিশ্বের তিনটি মহাদেশের ২৬টি আর্ন্তজাতিক এবং দেশে সাতটি অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।
বিমানের উড়োজাহজগুলো সবই ১৪ থেকে ২৫ বছরেরও বেশি পুরনো। ছোটখাট যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের ফ্লাইট শিডিউল রক্ষা করাই এখন কঠিন।
