চুয়াডাঙ্গায় গণপিটুনিতে সন্ত্রাসী নিহত
চুয়াডাঙ্গা সদর উপজেলার শাহপুর-বোয়ালিয়া গ্রামে বৃহস্পতিবার গণপিটুনিতে চাঁদাবাজি ও সন্ত্রাসের জন্যে অভিযুক্ত আক্কাছ আলী (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, চিহ্নিত চাঁদাবাজ আক্কাছ দীর্ঘদিন কারাবন্দী থেকে সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে সন্ত্রাসী গ্রুপ গঠন করে ঢালাও চাঁদাবাজি শুরু করে।
বাড়ি থেকে সরোজগঞ্জ বাজারের দিকে যাওয়ার সময় বৃহস্পতিবার সকালে আক্কাছ তার দুই সহযোগীকে জনতা ধাওয়া করে। এ সময় দুই সহযোগী পালিয়ে গেলেও আক্কাছকে জনতা ধরে ফেলে। উত্তেজিত জনতার এলোপাথারি কোপ ও গণপিটুনিতে ঘটনাস্থলে নিহত হয় আক্কাছ। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
সদর থানার ওসি আবদুল মোতালেব জানান, নিহত আক্কাছের বিরুদ্ধে খুন সহ চারটি মামলা রয়েছে।
গণপিটুনির ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
