শ্রমিক ইউনিয়ন নির্বাচন: কক্সবাজারে ৩ ঘন্টা সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ১০
কক্সবাজারে আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়ায় কক্সবাজারে বৃহস্পতিবার তিন ঘন্টা সড়ক অবরোধ ও এ অবরোধকে কেন্দ্র করে বিবদমান দুদল শ্রমিকের মধ্যে ধাওয়া, পাল্ট ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছে।
আরাকান পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন ১৩ জুন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ী সাধারণ সম্পাদক প্রার্থীকে বাদ রেখে অপর প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয় বলে অভিযোগ ওঠে।
এ ঘটনার প্রতিবাদে শ্রমিক ইউনিয়নের একটি গ্রুপ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দেয়। সকালে এ কর্মসূচি চলাকালে প্রতিপক্ষ গ্রুপ হামলা চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ১০ জন আহত হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা ১২ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
