২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় মামলায় বিদিশার জামিন, নতুন মামলায় আবারও গ্রেফতার

বিবাহ প্রতারণা বিষয়ক তৃতীয় মামলায় বৃহস্পতিবার সকালে বিদিশার জামিন মঞ্জুর করা হলেও দুপুরে তার বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগে গুলশান থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2005, 08:16 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

এক বিয়ে গোপন করে অন্য বিয়ে করার অপরাধে দায়ের করা মামলায় ঢাকা জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলামের আদালতে ৫০ হাজার টাকা মুচলেকা এবং একজন স্থানীয় ও একজন আইনজীবী জামিনদারের জিম্মায় বৃহস্পতিবার বিদিশার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়। ২৩ জুন মামলার পরবর্তী ধার্যকৃত দিন পর্যন্ত এ জামিন বলবৎ থাকবে বলে আদালতে বলা হয়।

সূত্র জানায়, বিদিশা তার তৃতীয় মামলায় জামিন লাভ করার কিছুক্ষণ পর গুলশান থানার ওসি নুরুল আলম বেলা ২টায় মানি লন্ডারিং-এর মামলাটি দায়ের করেন।

সূত্র আরো জানায়, বিদিশার বিরুদ্ধে দেশি ও বিদেশি মুদ্রা মিলিয়ে ২১ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ এনে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়।

মহানগর হাকিম জগন্নাথ দাস খোকন ২০ জুন এ মামলায় প্রিজন সেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশের আবেদনের প্রেক্ষিতে শুনানীর দিন ধার্য করেন।

এ মামলার তদন্তের দায়িত্ব সিআইডিকে দেওয়া হতে পারে বলে বিডিনিউজকে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) ওবায়দুল হক।

মামলাটির ব্যাপারে সিআইডির স্পেশাল সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) রুহুল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা স্বীকার করেন তবে এ ব্যাপারে অন্য কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

এইচএম এরশাদের দায়ের করা দুটি মামলায় ৪ জুন বিদিশাকে গ্রেফতার করা হয়। পরে সরকার দুটি পাসপোর্ট রাখার দায়ে আরও একটি মামলা দায়ের করে। বিদিশা উভয় মামলায় জামিন লাভ করে।

বৃহস্পতিবার সাকাল ১১ টায় ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে দাখিল করা রিভিশন আবেদন শুনানীতে বিদিশার আইনজীবী জহিরুল ইসলাম এবং কামরুজ্জামান মাহবুব বলেন, মামলাটি জামিন যোগ্য। বিদিশা হাসপাতালের প্রিজন সেলে মূমূর্ষ অবস্থায় রয়েছে। সরকারি চিকিৎসা অপ্রতুল হওয়ায় তার মা, বাবা, ভাই বোনদের আন্তরিক সাহচর্য ও প্রাইভেট চিকিৎসা জরুরি।

তারা আরও বলেন, বিদিশা রাজনৈতিক নোংরামীর শিকার। মানবিক কারণে তার এই মুহূর্তে জামিন পাওয়া জরুরি।

বিদিশার আইনজীবীরা বলেন, মুসলিম পারিবারিক আইনের বিধান অনুযায়ী বিদিশার তালাক কার্যকর হয়নি তাই বিদিশা এখনও এরশাদের স্ত্রী।

সরকারি আইনজীবী মো. মহসীন মিয়া বলেন, একটি অসম্পূর্ণ আদেশের বিরুদ্ধে রিভিশন দরখাস্ত চলে না। তাই রিভিশন আবেদনটি গ্রহণযোগ্য নয়।

আদালত উভয় পক্ষের শুনানী শেষে বিদিশার রিভিশন আবেদনটি গ্রহণ করে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন।

এদিকে বিকেলেই তাকে নতুন আরেকটি (চতুর্থ) মামলায় আবার গ্রেফতার করা হয়।