২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ছয়টি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্যে আইন প্রণয়নের প্রক্রিয়া চলছে : শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক জানিয়েছেন দেশে ছয়টি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্যে আইন প্রনয়নের প্রক্রিয়া চলছে। কুমিল্লা, কবি নজরুল, জগন্নাথ, বিএম বিশ্ববিদ্যালয় কলেজ এবং চট্টগ্রাম ও যশোরে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2005, 08:28 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

মন্ত্রী বলেন, এ ৬টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে দেশে স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াবে ২৭ টি।

বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে আবদুল মোতালিব আকন্দের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর পৌনে ছয়টায় স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে এ প্রশ্নোত্তর পর্ব শুরু হয়।

বিএনপির সদস্য মো. সোহরাবউদ্দিনের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, শিক্ষাব্যবস্থাকে কর্মমূখী করতে কারিগরি শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা হচ্ছে। দেশের ২০ টি পলিটেকনিক ইনস্টিটিউট সংস্কারের পাশাপাশি আরও ২৩ টি পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হচ্ছে। ৬০০ শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার পাশাপাশি ভোকেশনাল কোর্স চালু করা হয়েছে। আরও ৪০০ প্রতিষ্ঠানে এ কোর্স চালুর প্রক্রিয়া শুরু হয়েছে।

মন্ত্রী সংসদকে আরও জানান, দেশে আরও ৫টি টেক্সটাইল ও লেদার কলেজ স্থাপনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী অর্থ বছরে এ প্রকল্প বাস্তবায়িত হবে।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ৪,৫৯৫ টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত করা হয়েছে।