জুলাইয়ে ডিসিসি’র ১,০০০ কোটি টাকার বাজেট, রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়লেও বাড়ছে না কর
ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে ২০০৫-০৬ অর্থবছরের জন্য প্রায় এক হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে। ইতোমধ্যে বাজেট প্রস্তুতের কাজ শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন অর্থবছরের জন্য একশ’ ৭৫ কোটি টাকার রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা চলতি অর্থবছরের তুলনায় ৫০ কোটি টাকা বেশি। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৫০ কোটি টাকা বৃদ্ধি করা হলেও কর বাড়ছে না।
ডিসিসি সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে ডিসিসি’র মোট বাজেট ছিল নয়শ’ ২২ কোটি এক লাখ টাকা। যা এ বছর বৃদ্ধি পেয়ে এক হাজার কোটিতে দাঁড়াবে।
সূত্র জানায়, ডিসিসি’র প্রধান হিসাব রক্ষক বাজেট প্রণয়নের কাজ করছেন। এ লক্ষ্যে বিভিন্ন দপ্তর থেকে প্রস্তাবনা নেওয়া হয়েছে। ডিসিসি’র বিভিন্ন বিভাগ থেকে পাওয়া প্রস্তাবের ভিত্তিতে কর্মকর্তারা আগামী অর্থবছরের জন্য আয়-ব্যয়ের হিসাব তৈরি করছেন।
ডিসিসি’র রাজস্ব বিভাগ সূত্রে জানা যায়, একশ’ ২৫ কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারিত থাকলেও চলতি বছর রাজস্ব আদায় হয়েছে প্রায় একশ ১৭ কোটি ১০ লাখ টাকা। ডিসিসি এ সময়ে তাদের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৮ কোটি টাকা কম আদায় করেছে।
দীর্ঘ বন্যা এবং স্বনির্ধারণী কর ব্যবস্থা নিয়ে জটিলতার কারণে ডিসিসি রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি বলে রাজস্ব বিভাগের একজন শীর্ষ কমকর্তা বিডিনিউজকে জানান।
ডিসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা (চলতি দায়িত্ব) আনোয়ার হোসেন বিডিনিউজকে বলেন, চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব না হলেও এবার লক্ষ্যমাত্রা বৃদ্ধি করা হচ্ছে। তবে এ জন্য কোনোভাবেই নতুন করারোপের সম্ভাবনা নেই। তার মতে, হোল্ডিং কর বাড়ানো না হলে এ বছর কর আদায় বৃদ্ধি পাবে।
