কুমিল্লায় এনকাউন্টারে ৫ ডাকাত ও একই ঘটনায় পেট্রোল কার উল্টে ১ পুলিশ নিহত
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতির পর পুলিশের এনকাউন্টারে পাঁচ ডাকাত নিহত হয়েছে। এ সময় ডাকাত নিয়ন্ত্রিত বাসের ধাক্কায় পুলিশের একটি পেট্রোল কার খাদে পড়ে এক পুলিশ কনস্টেবল নিহত ও অপর তিন পুলিশ গুরুতর আহত হয়।
পুলিশ জানায়, ঢাকার গুলিস্তান-চিড়িয়াখানা রুটে চলাচলকারী একটি মিনিবাস (ঢাকা মেট্রো-জ-১১২৭৭৫) রাতে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়ে কাঁচপুর ব্রিজের কাছে বেশ কিছু যাত্রীকে বাসে ওঠায়। বাসটি কুমিল্লা সেনানিবাসের কাছে পৌঁছে নোয়াখালী যাবে না বলে যাত্রীদের নমিয়ে দেয়।
বাসটি উদ্দেশ্যমূলকভাবে আবারও গতিপথ ঘুরিয়ে কুমিল্লার দেবীদ্বার যাবে বলে সেনানিবাস এলাকায় অপেক্ষমান যাত্রীদের নিয়ে দেবীদ্বারের দিকে যাত্রা শুরু করে।
বাসটি কুমিল্লা সেনানিবাস এলাকা পার হওয়ার পরই আগে থেকে বাসের ভেতর থাকা ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের স্বর্বস্ব লুট করতে শুরু করে। ডাকাতরা এসময় অজ্ঞাতনামা এক যাত্রীকে চলন্ত বাস থেকে ফেলে দেয়। আহত অবস্থায় ওই যাত্রী এলাকার তাজুল ইসলামকে ডাকাতির ঘটনাটি জানায়। তাৎক্ষনিকভাবে তাজুল ইসলাম মোবাইলে দেবীদ্বার থানার দারোগা বেলায়েত হোসেনকে ঘটনা জানালে দারোগা তার বাহিনী নিয়ে বাসটিকে ধাওয়া করে। ওই রাতে ওয়্যারলেস বার্তার কারণে জেলার সকল পর্যায়ের পুলিশ ইউনিট সচল হয়ে ওঠে।
এ সময় মহাসড়কে টহলরত পুলিশের একটি পেট্রোলকার ইষ্টগ্রাম নামক স্থানে বাসটিকে আটকের চেষ্টা করলে বাসটি সজোরে পেট্রোল কারটিকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়। এ সময় চার পুলিশ আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর পুলিশ কনস্টেবল সিরাজুল ইসলামের মৃত্যু হয়।
এদিকে পুলিশের পেট্রোল কারে ধাক্কা দিয়ে কিছু দূর সামনে এগিয়ে ডাকাতদল বাসটিকে থামিয়ে মাধবপুর গ্রামের দিকে পালিয়ে যেতে থাকে। এ সময় পুলিশ ডাকাতদের পেছনে ধাওয়া করে দু’ডাকাতকে ধরে ফেলে।
এক সময় ওয়্যারলেস বার্তার মাধ্যমে যোগাযোগ করে একত্রিত হয়ে পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে। স্থানীয়দের সহায়তায় পুলিশ তল্লাশী চালিয়ে কামরুল (২২), দুলাল (২৮), ফারুক ফায়েজি (২৮), কাঞ্চন (২৬), আব্দুল ওহাব (৩০) ও সাগর (২৫) নামের ছয় ডাকাতকে আটক করে।
পুলিশ ডাকাতদের দেওয়া তথ্য অনুযায়ী তাৎক্ষনিকভাবে লুন্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধারের জন্যে কালামুড়া এলাকার ব্রিজের পূর্বপাশে খালের পাড়ে যায়।
এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এ সময় পুলিশের হাতে আটক ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে কামরুল, দুলাল, ফারুক ফায়েজি, কাঞ্চন ও আব্দুল ওহাব গুরুতর আহত হয়।
গুলিবিদ্ধ পাঁচ ডাকাতকে দেবীদ্বার হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। অপর ডাকাত সাগর অক্ষত অবস্থায় পুলিশের হাতে আটক রয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া একটি কাটা বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং ১২ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করে।
এদিকে, নিহত পুলিশ কনস্টেবল সিরাজুল ইসলামের নামাজে জানাজার পর তার লাশ গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সুধারাম থানার বাটাইয়া গ্রামে পাঠানো হয়েছে।
