নোটারি আইনের সংস্কার দাবি করেছে নোটরি পাবলিক সংস্থা
বাংলাদেশ নোটারি পাবলিক অ্যাসোসিয়েশন (বিএনপিএ) বর্তমান নোটারি আইনের সংস্কার এবং নোটারি ফি নতুন করে নির্ধারণের জন্যে সরকারের প্রতি দাবি জানিয়েছে।
এক সংবাদ সম্মেলনে শুক্রবার তারা এ দাবি জানায়। বিএনপিএ সভাপতি আজহারুল ইসলাম বলেন, সরকারের নোটারি কর্মকর্তাদের পরিবর্তে বর্তমানে নোটারি কার্যক্রম কতিপয় প্রতারক, দালাল এবং চোরাকারবারিদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। ফলে আসল এবং বৈধ নোটারি পাবলিক এবং সাধারণ জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জাতীয় প্রেস ক্লাবে লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, দ্রুত যথাযথ ব্যবস্থা না নিলে নোটারি সেক্টর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
বিএনপিএ প্রতিটি বছরান্তে জানুয়ারি মাসে অবৈধ নোটারি পাবলিকদের নাম-ঠিকানা প্রকাশ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে আইন মন্ত্রণালয়ের প্রতি আহবান জানিয়েছে। পাশাপাশি, নিজেদের স্বচ্ছতা এবং সততা বজায় রেখে বৈধ নোটারি পাবলিকদের একসাথে কাজ করার জন্যে সংবাদ সম্মেলনে আহবান জানানো হয়।
বিএনপিএ নেতা মমতাজউদ্দিন আহমেদ, গাজী আমিন উল্লাহ, আবু মুসা এবং আবুল মনসুর মিল্কি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
