গজারিয়ার সেলিনা খাতুনঃ সফল এক নারীর উপাখ্যান
আমি যখন কাজ শুরু করি তখন লোকজন আমাকে দেখতে ভীড় করলো, যেন আমি অদ্ভুত কোনও কাজ শুরু করেছি। তারা আমার প্রতি টিপ্পনি কাটতো এবং আমাকে নিয়ে হাসাহাসি করতো। কিন্তু সেটাকে আমি চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলাম।
এভাবেই মেটাল ওয়েল্ডিংয়ের কারখানা শুরুর প্রাথমিক অবস্থা বর্ণনা করছিলেন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার সেলিনা খাতুন।
তার জীবন কাহিনী বাংলাদেশের গ্রামাঞ্চলের আর দশটা নারীর মতোই। দারিদ্র্যের কারণে ভবিষ্যতের সুখস্বপ্ন ত্যাগ তাকে অল্প বয়সেই স্কুল ছাড়তে হয়। অবশেষে ১৬ বছরেই বিয়ের পিঁড়িতে বসতে হয় তাকে।
সময় অতিক্রান্ত হয়েছে। সে এখন আর আগের সেই সেলিনা নয়। এখন সে একটি ওয়েল্ডিং কারখানার মালিক।
সেলিনা বলেন, ১০ বছর আগে আমার স্বামী মারা যায়। তিনি আমার জন্য কিছুই রেখে যাননি। বাঁচার কোনও উপায় না থাকায় আমি চরম আর্থিক কষ্টে ভুগছিলাম।
পরে সরকারের একটি প্রকল্পে বেঞ্চ ফিটিং ও মেটাল ফেব্রিকেশনের ওপর তিন মাসের প্রশিক্ষণ নিয়ে আমি এ কাজে নেমে পড়ি। বর্তমানে আমি আত্মনির্ভরশীল। এখন আমি আমার দু’ সন্তানকে স্কুলে পড়াতে পারছি। বৃহস্পতিবার সরেজমিনে গেলে সাংবাদিকদের সাথে তিনি একথা বলেন।
ইউএনডিপি’র অর্থায়নে এবং আইএলও’র কারিগরি সহায়তায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ‘কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দরিদ্র নারীদের কর্মসংস্থানের জন্য দক্ষতা প্রশিক্ষণ’ শীর্ষক একটি প্রকল্প চালু করেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, বাজার ও শিল্পের চাহিদা মেটাতে ভালো প্রশিক্ষণের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো সহজ হবে।
বাংলাদেশে আন্তর্জাতিক শ্রম সংস্থায় কর্মরত কর্মসংস্থান বিশেষজ্ঞ সুভিরা চতুর্ভেদী বলেন, গ্রামের নারীদের প্রভাবিত করতে প্রাতিষ্ঠানিক শিক্ষার ও প্রচুর অর্থের প্রয়োজন নেই, প্রয়োজন স্বল্প মেয়াদী, বাজার ভিত্তিক কিছু কোর্স।
প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা তাদের নতুন অর্জিত দক্ষতা নিয়ে কর্মসংস্থান যোগাড় করতে বা ছোটখাটো ব্যবসা শুরু করতে পারবে।
এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে এক হাজার দু’শ মহিলাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে যাদের অনেকেই এখন নিজেরা ব্যবসা করছে বা বিভিন্ন শিল্প কারখানায় কাজ নিতে সক্ষম হয়েছে।
সুভিরা চতুর্ভেদী বলেন, এসব নারীদের সাফল্যে তাদের সামাজিক অবস্থাও পরিবর্তিত হয়েছে। আমাদের সংস্কৃতি ও সামাজিক অবস্থায় নারীরা আগে ঘরে বসে থাকতো। এখন তাদের পণ্য বিক্রয়ের জন্য বাজারে যাচ্ছে।
তিনি আরও জানান, ঘাটাইল, গাজীপুর, খুলনা সদর, যশোর সদর, গাবতলী, দিনাজপুর সদর, বোয়ালখালী ও ফুলগাজীতে এ প্রকল্প চালু আছে। তবে দেশের সর্বত্র এ প্রকল্প চালু করার বিষয়টি তাদের প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
