মেহেরপুরে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ব্যবসায়ী নিহত
সন্ত্রাসীদের ব্রাশফায়ারে মেহেরপুরে এক ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার রাত ২টায় এ ঘটনা ঘটে। এসময় তিন শ্রমিকও গুলিবিদ্ধ হয়।
আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, নিহত ব্যবসায়ী মোহাম্মদ শাহীন (২৭) জেলা শহরের ওয়াপদা রোডে ‘শাহীন ষ্টোর’ নামে একটি দোকান চালাত।
ঘটনার দিন ১৫/২০ জন সশস্ত্র সন্ত্রাসী মেহেরপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের দিঘীরপাড়ায় শাহীনের বাড়ি ঘেরাও করে। তারা তিনটি বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং তাকে অপহরণ করার চেষ্টা করলে এলাকার লোকজন সন্ত্রাসীদের ঘেরাও করে ফেলে।
সে সময় সন্ত্রাসীরা আরও ৪/৫টি বোমা ফাটায়। এতে এলাকার মানুষ বিক্ষুব্ধ হয়ে সন্ত্রাসীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। তখন সন্ত্রাসীরা বেপরোয়াভাবে গুলি বর্ষণ করে। এতে দিঘীরপাড়ার শ্রমিক মো. রহিম (৩৫), মো. ওসমান গণি (২৬) এবং মো. খেদের (৫০) গুলিবিদ্ধ হয়।
এক পর্যায়ে সন্ত্রাসীরা শাহীনের ওপর ব্রাশফায়ার চালায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পরপরই সন্ত্রাসীরা বেলীগাড়ী মাঠ দিয়ে পালিয়ে যায়।
শাহীনের লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
