২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিমলায় অবৈধভাবে ভূগর্ভস্থ পাথর উত্তোলন, ভূমিধ্বসের আশঙ্কা

বেআইনীভাবে ও নির্বিচারে ভূগর্ভস্থ পাথর উত্তোলনের ফলে জেলার ডিমলা উপজেলায় ব্যাপক ভূমিধ্বসের আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি বিপুল পরিমান সরকারী সম্পদ বেহাত হয়ে যাচ্ছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2005, 12:26 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

সূত্র জানায়, ভূমিদস্যুরা শক্তিশালী পাওয়ার পাম্প বসিয়ে মাটির গভীর থেকে ভূগর্ভস্থ পাথর তুলছে। এর আগে তিস্তা নদীর পাড় থেকে অবৈধভাবে ভূগর্ভস্থ পাথর তোলার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করে এবং জেলা আইন-শৃংখলা রক্ষা কমিটির সভায় বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়।

সেই সময় থানা পুলিশ পাউবো’র মামলার ভিত্তিতে পাথর উত্তোলকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। পাথর তোলার কাজে ব্যবহৃত বেশকিছু পাওয়ার পাম্পও জব্দ করে থানায় রাখা হয়। কিন্তু এই পর্যন্তই।

জানা যায়, ডিমলা থানা পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হামিদ ক্ষমতাসীন দলের নেতাদের সাথে পাথর উত্তোলনকারীদের আপোষরফা করে দেন। এরপর থেকে তাদের বিরুদ্ধে আর কোনও পদক্ষেপ নেয়া যায়নি। ফলে বেআইনীভাবে ভূগর্ভস্থ পাথর উত্তোলনও বন্ধ করা যায়নি।

এদিকে, পাথর উত্তোলনের ফলে ভূমিধ্বসের আশঙ্কা ছাড়াও সরকারী সম্পদেরও ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। তিস্তা নদীর বাঁধ, রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট ভেঙ্গে ফেলছে পাথর উত্তোলনকারীরা।

পাথর তোলা ও পরিবহণের সুবিধার্থে প্রভাবশালী ব্যবসায়ী মহল সেখানকার রাস্তার দু‘ধারের বেশ কিছু মূল্যবান গাছও কেটে ফেলে। এরও কোনও প্রতিকার পাওয়া যায়নি।

সর্বোপরি, রাজনৈতিক নেতাদের সাথে কর্তৃপক্ষের যোগসাজসে এখন ডিমলার সর্বত্র চলছে পাথর তোলার মহোৎসব। বাড়ছে ভূমিধ্বসের আশঙ্কা। প্রভাবশালী ব্যবসায়ীদের দাপটে প্রশাসন নির্বিকার।