২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরের আওয়ামী লীগ নেতা গুলিতে নিহত

নগরীর মিরপুরে শনিবার সকালে আওয়ামী নেতা সাইদুল ইসলাম চৌধুরী (৪৮)সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2005, 04:16 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

এলাকায় রিপন চৌধুরী নামে অধিক পরিচিত সাইদুল বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদারের কাজ করেন। ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি)-এর গত নির্বাচনে তিনি ৮নং ওয়ার্ডের কমিশনার পদে প্রতিদ্ধন্ধিতা করেছিলেন।

পুলিশ জানায়, নিহত সাইদুল ইসলাম চৌধুরী তৎকালীন ডিসিসি’র ৮নং ওয়ার্ডের কমিশনার ও বিএনপি নেতা সাইদুর রহমান নিউটন খুনের মামলার সাজাপ্রাপ্ত আসামি। সাইদুল ইসলাম বেশ কিছুদিন কারাভোগের পর গত বছর আদালতের নির্দেশে কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান।

পুলিশের সূত্র জানায়, বাড়ি নং-৬, রোড় নং-৫, ব্লক নং-এফ, সেকশন-১ মিরপুরের বাসিন্দা মৃত একিউএম সালাউদ্দিন চৌধুরীর ছেলে সাইদুল ইসলাম চৌধুরী নিজ বাসভবনের সামনে সকাল সাড়ে সাতটায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।

নিহতের ছোট ভাই হামিদুল ইসলাম চৌধুরী বিডিনিউজকে বলেন, “আমার ভাই বাড়ি থেকে বের হবার পরপরই চার-পাঁচ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী প্রকাশ্য দিবালোকে তাকে গুলি করে খুন করে।”

হামিদুল বলেন, “সন্ত্রাসীরা প্রতিবেশি ইয়াকুবের বাড়ি পেছন দিক থেকে আমার ভাইয়ের উপর হঠাৎ করে গুলি চালায় এবং এর পর তারা সেখান দ্রুত পালিয়ে যায়।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সকাল সাড়ে আটটায় সাইদুলকে হাসপাতালে নিযে যাওয়া হয় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, তার শরীরে বিভিন্ন স্থানে কমপক্ষে দশটি বুলেট বিদ্ধ হয়েছে।

মিরপুর থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, কেউ গ্রেফতার হয়নি এবং এখনো এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের কারা হয়নি।

মিরপুর থানা সাব-ইন্সপেক্টর ফারিদা বেগম বিডিনিউজকে বলেন, “খুনের পেছনের কারণ এখনও জানা যায়নি তবে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।”

সূত্র জানায়, মিরপুর সেকশন-১ এ একটি বিপনী বিতান ভবন নির্মাণের বিরোধের জের ধরে এ খুনে ঘটনা ঘটে খাকতে পারে। অন্যদিকে, সাবেক ওয়ার্ড কমিশনার নিউটন হত্যা এবং ব্যবসা সম্পর্কিত বিরোধের জের ধরেও এই খুনের ঘটনা ঘটতে পারে বলে সূত্র জানায়।