২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে সেনাবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাত

সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল মইন ইউ আহমেদ শনিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি ও সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। রাষ্ট্রপতি নতুন সেনাপ্রধানকে অভিনন্দন জানান এবং অর্পিত দায়িত্ব পালনে তাঁর সাফল্য কামনা করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2005, 04:30 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

সেনাবাহিনী প্রধান প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথেও সৌজন্য সাক্ষাত করেন। প্রধানমন্ত্রী নতুন সেনাবাহিনী প্রধানকে অভিনন্দন জানান এবং তাঁর সাফল্য কামনা করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এর আগে সকালে সেনাবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্রবাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর সেনাপ্রধানকে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন।