২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদী-১ : লড়াই হবে জোট ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে

নরসিংদী-১ আসনের উপ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচারাভিযান। ২২জুন বুধবার অনুষ্ঠিত হবে এ নির্বাচন। ধারণা করা হচ্ছে, জোট এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

জোট প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছে মন্ত্রী ও এমপিরা। প্রতিদিনই দু’একজন করে মন্ত্রী ও সাংসদরা জোট প্রার্থীর পক্ষে সভা-সমাবেশ করে ভোট প্রার্থনা করছে।

নরসিংদী-১ আসনের উপ নির্বাচনে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর হলেন চার দলীয় জোট প্রার্থী খায়রুল কবির খোকন, স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্র নেতা আলহাজ্ব শাহাদাৎ হোসেন মুন্না, জাপা (এরশাদ) প্রার্থী আলহাজ্ব শফিকুল ইসলাম শফিক, স্বতন্ত্র প্রার্থী প্রয়াত সাংসদ সামসুদ্দিন আহমেদ এছাকের স্ত্রী রোকেয়া আহমেদ লাকি, মো. সিরাজ মিয়া এবং কৃষক মো. সাদেক।

এসকল প্রার্থীর মধ্যে জোট প্রার্থী খায়রুল কবির খোকন এবং সতন্ত্র প্রার্থী শাহাদাৎ হোসেন মুন্নার প্রচার প্রচারণা এখন তুঙ্গে। জাপা প্রার্থী শফিকুল ইসলামের প্রচারণা ধীর গতিতে চললেও বাকি তিন জনের প্রচারণা নেই বললেই চলে।

জোট প্রার্থী খায়রুল কবির খোকন এর প্রচারণায় এপর্যন্ত সাত মন্ত্রী ও দু’ডজন এমপি নির্বাচনী এলাকায় জনসভা করেছে। অন্যদিকে মুন্নার পক্ষে সাবেক কয়েক চেয়ারম্যান ও এলাকার গন্যমান্যরা প্রচারণা চালিয়ে যাচ্ছে। মুন্না কোনও জনসভা না করে দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন।

জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, নরসিংদী-১ আসনে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৬১ হাজার নয়শ ৭৮। এ আসনে ৯২ টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এজন্য ৯২ জন প্রিজাইডিং অফিসার, ৪৫৩ জন সহকারি প্রিজাইডিং অফিসার এবং ৯০৬ জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে।