কক্সবাজারে ব্যবসায়ীদের আধাবেলা ধর্মঘট পালন
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানের উপর আরোপিত ভ্যাট প্রত্যাহার, কক্সবাজার শহরের বাজারঘাটার জলাবদ্ধতা দূরীকরণ ও জেলার সামগ্রিক উন্নয়নের দাবিতে কক্সবাজারে শনিবার ব্যবসায়ীরা আধা বেলা স্বতস্ফুর্ত ধর্মঘট পালন করেছে।
কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশন এই ধর্মঘট ডাকে।
সকাল থেকে বেলা দুটো পর্যন্ত শহরের যাবতীয় দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। কেবল ফার্মেসি খোলা ছিল। সাধারনত যে কোন ধর্মঘটে খাবার দোকান, পানের দোকান ও ফার্মেসি খোলা থাকে। নজিরবিহীন এই ধর্মঘটে কোন খাবার দোকান ও পানের দোকান খোলা ছিল না।
ধর্মঘট চলাকালে দোকান মালিক সমিতি ফেডারেশন শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিনের পর সমাবেশ করে। ফেডারেশনের সভাপতি মোসতাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান থেকে ভ্যাট প্রত্যাহার ও কক্সবাজার শহরের দুঃখ নামে খ্যাত বাজারঘাটার জলাবদ্ধতা দূরীকরণে আশু ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়। তা না হলে ব্যবসায়ীরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারন করা হয়।
সমাবেশে অন্যদের মধ্যে ফেডারেশনের সেক্রেটারি মফিজুর রহমান, রেস্তোরা মালিক সমিতির সভাপতি ও গেষ্ট হাউস মালিক সমিতির সাধারন সম্পাদক আবুল কাশেম সিকদার বক্তব্য রাখেন।
এর আগে মিছিলকারীরা বেলা ১১ টা ৪৫ মিনিটে পৌরসভা ভবনে সমবেত হয় এবং দুপুর ১২ টা ১৫ মিনিট পর্যন্ত পৌরসভা অবরোধ করে রাখে।
