২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হারিয়ে যাওয়া ‘কাউন’ আবাদে আবার ফিরছে চাষীরা

গ্রামবাংলার ঐতিহ্য থেকে হারিয়ে যেতে যেতে আবারও যেন পুনরুজ্জীবিত হল কাউনের আবাদ-আবারও চাষীরা আগ্রহী হয়ে উঠছে কাউন চাষে। চলতিবছর জেলার ডোমার ও কিশোরগঞ্জ উপজেলায় প্রায় ৫শ’ একর জমিতে কাউনের আবাদ হয়েছে। উৎপাদনও হয়েছে ভাল। তবে বাজার দর এখনও সন্তোষজনক নয়।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2005, 10:16 AM

Updated : 26 Apr 2022, 05:47 PM

সূত্র জানায়, এক সময় এ অঞ্চলে কাউনের ব্যাপক আবাদ হত। প্রত্যেক উপজেলায় ছিল কাউন চাষের প্রচলন। পলিপুষ্ট উর্বর দোআঁশ মাটিতে কাউনের আবাদ ভাল হয় বলে অভিজ্ঞরা জানান। যেসব জমিতে ধান পাট চাষাবাদে তেমন সুবিধা হত না, সেসব পতিত জমিতেই কাউনের আবাদ হত। কিন্তু এক সময় কাউনের আবাদ কমে যায়। মানুষ দিনেদিনে হাইব্রিড ফসলের ওপর নির্ভরশীল হয়ে পড়ে।

জানা যায়, কাউন গাছ দেখতে অনেকটা ধান গাছের মতই। তবে কাউনের শীষ আকারে ধানের শীষের চেয়ে লম্বা। কাউনের বীজ ক্ষুুদ্র ক্ষুদ্র দানা আকৃতির। এর ভেতর থাকে কাউনের চাল। কাউনের চালের ভাতের চেয়ে পায়েশ বেশী মজাদার। কাউনের জাউয়ের প্রচলনও আছে।

কাউন আবাদের সাথে ধানের আবাদের সাদৃশ্য রয়েছে। এছাড়া এর ব্যবহারেও রয়েছে অনেক মিল। যেমন ধানের চালের মত কাউনের চালের ভাত খাওয়া যায়, ধানের চালের পায়েস-ক্ষীরের মতই সুস্বাদু কাউনের তৈরী পায়েশ কিংবা ক্ষীর।

এক সময় কাউনের জাউ ছিল নিম্ন আয়ের অধিকাংশ মানুষের কাছে প্রিয় খাবার। সেই জনপ্রিয়তা না ফিরলেও কাউনের ব্যবহার বাড়ছে বিভিন্ন নাস্তা তৈরীর রেসিপিতে। গ্রামের মানুষ এখন কাউনের বিভিন্ন রকম খাবার তৈরী করছে।

উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কাউন এখনও ‘মাইনর’ ক্রপ বলে বিবেচিত হওয়ায় কাউন আবাদের কোনও উল্লেখযোগ্য পরিসংখ্যান তাদের কাছে নেই।