২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানি লন্ডারিং মামলায় দ্বিতীয় বারের মতো বিদিশার জামিন আবেদন নামঞ্জুর

একুশ কোটি টাকার উৎস সম্পর্কে আইনজীবীরা বিচারকের প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে না পারায় বিদিশার বিরূদ্ধে মানি লন্ডারিং মামলায় দ্বিতীয় বারের মতো জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2005, 03:08 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

রোববার সকাল ১১টায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বঙ্গববন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে অন্তরীণ বিদিশার পক্ষে অন্তর্বর্তীকালীন জামিন চাওয়া হলে বিচারক মো. মমিনউনল্লাহ এ আবেদন নামঞ্জুর করে ৪ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

শনিবার ঢাকা মহানগর হাকিম (মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) আব্দুর রউফ খান শনিবার একই মামলার জামিন আবেদন নাকচ করলে সে আদেশের বিরুদ্ধে রোববার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করা হয়। বিদিশার আইনজীবীরা শুধু মানবিক বিষয়টি বিবেচনা করে তার জামিন জরুরি বলে আদালতে উল্লেখ করেন। অ্যাডভোকেট জহিরুল ইসলাম, কাজী মো. সাজাওয়ার হোসেন বলেন, এ মামলায় বিদিশার বিরুদ্ধে কোনও সুনির্দিষ্ট বক্তব্য নেই।

বিচারকের এক প্রশ্নের উত্তরে তারা বলেন, টাকার উৎস এবং কীভাবে বিদিশা এ টাকার মালিক হলেন, সে সম্পর্কে উত্তর দিতে পারবেন একমাত্র বিদিশাই। জামিনে মুক্তি দিলেই বিদিশার সাথে কথা বলে এ ব্যাপারে আইজীবীরা নিশ্চিত হতে পারবেন। অন্যদিকে, বিদিশার একটি বড় অস্ত্রোপচার দরকার বলে চিকিৎসকরা মতামত দিয়েছেন। অস্ত্রোপচারের সময় বিদিশা যাতে আত্মীয় স্বজনদের ঘনিষ্ঠ সাহচর্যে থাকতে পারেন, সে জন্যে তার জামিন হওয়া জরুরি।

আদালত এ পর্যায়ে আইনজীবীদের বলেন, পিজি হাসপাতালইতো দেশের সরচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ হাসপাতাল। সুতরাং যদি বিদেশে অস্ত্রোপচার না করাতে হয়, তাহলে পিজি হাসপাতালই যে এর জন্যে সবচাইতে ভাল জায়গা। আইনজীবীরা বলেন, পুলিশ ও সরকারি হেফাজত থেকে এই মুহূর্তে আদালতের হেফাজতে বিদিশাকে নেওয়া জরুরি। তাই জামিন এ মুহূর্তে জরুরি। তাছাড়া সরকার বিদিশার জামিন ও মামলা নিয়ে লুকোচুরি খেলছে।

এক পর্যায়ে আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনতে চান। রাষ্ট্রপক্ষে কোর্ট ইনসপেক্টর বলেন , যেহেতু ২০ জুন বিদিশাকে এ মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যে দাখিল দরখাস্ত শুনানির দিন করা ধার্য আছে, নিম্ন আদালত অর্থাৎ মুখ্য মহানগর হাকিমের আদালতে তাই এ পর্যায়ে তার জামিন দেওয়া উচিত হবে না।

আদালত উভয় পক্ষের শুনানি শেষে বিদিশার জামিন আবেদন না মঞ্জুর করেন।